ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ভোটকেন্দ্রে নিয়ম ভাঙার অভিযোগ উঠেছে ছাত্রদলের সহ–সভাপতি (ভিপি) পদপ্রার্থী আবিদুল ইসলাম খানের বিরুদ্ধে। অভিযোগ করা হয়েছে, তিনি সকাল সাড়ে ৮টার দিকে শারীরিক শিক্ষা কেন্দ্রে স্থাপিত ভোটকেন্দ্রে প্রবেশ করেন, যেখানে জগন্নাথ হলের শিক্ষার্থীরা ভোট দিচ্ছিলেন।
এসময় কেন্দ্রের বাইরে তার কর্মী–সমর্থকদের ভোট প্রার্থনা ও প্রচারপত্র বিলি করতেও দেখা যায়। এতে কিছু নারী ভোটার বিরক্তি প্রকাশ করেন। তবে আবিদুল ও তার সমর্থকরা দাবি করেন, তারা ভোট চাইছেন না, বরং প্রার্থীদের ব্যালট নম্বরসহ লিফলেট বিতরণ করছেন যাতে ভোটাররা সহজে মনে রাখতে পারেন।
ডাকসু নির্বাচন কমিশন জানিয়েছে, কোনো প্রার্থী ভোটকেন্দ্রে প্রবেশ করে ভোট চাইতে পারবেন না। একইভাবে ভোটকেন্দ্রের ১০০ মিটারের মধ্যে কোনো প্রচারপত্র বিলি করাও নিষিদ্ধ। সরেজমিন দেখা গেছে, ছাত্রদলের নেতাকর্মীরা কেন্দ্রের কাছেই বুথ স্থাপন করে কার্যক্রম চালাচ্ছেন।
অভিযোগের বিষয়ে আবিদুল ইসলাম খান বলেন, “রিটার্নিং কর্মকর্তার অনুমতি নিয়েই কেন্দ্রে ঢুকেছি। অভিযোগ নয়, বরং ভোটটা উদযাপন করতে চাই।” তিনি উল্টো অভিযোগ করে জানান, প্রার্থীদের জন্য বিশ্ববিদ্যালয় কোনো পরিচয়পত্র তৈরি না করায় তাকে মেয়েদের হলের কেন্দ্রে প্রবেশে বাধা দেওয়া হয়েছে।
অন্যদিকে ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির দাবি করেন, তারা কোনো আচরণবিধি ভঙ্গ করেননি। তার ভাষায়, “আমাদের হেল্প ডেস্ক কেন্দ্র থেকে অন্তত ১৫০ মিটার দূরে।”

