আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাহী ম্যাজিস্ট্রেটের দায়িত্ব পালনের জন্য প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম নাসির উদ্দিন প্রধান বিচারপতির কাছে ৩০০ জন বিচারক চেয়েছেন।
মঙ্গলবার (৯ ডিসেম্বর) দুপুরে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের সাথে সুপ্রিম কোর্টে সৌজন্য সাক্ষাৎকালে সিইসি এই অনুরোধ জানান।
সাক্ষাৎকালে প্রধান নির্বাচন কমিশনার সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে বিচার বিভাগের সহযোগিতা কামনা করেন। প্রধান বিচারপতি এ বিষয়ে সহযোগিতার আশ্বাস দিয়েছেন।
নির্বাচনি তফসিল ঘোষণার আগে রেওয়াজ অনুযায়ী সিইসিরা প্রধান বিচারপতির সাথে দেখা করে থাকেন। তবে আজ সিইসি এ এম নাসির উদ্দিন একাই তাঁর সচিবকে নিয়ে সাক্ষাৎ করতে এসেছিলেন।
অন্যদিকে, নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ নিশ্চিত করেছেন যে আগামীকাল রাষ্ট্রপতির সাথে সাক্ষাৎ শেষে সন্ধ্যায় কিংবা পরদিন বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণা করা হবে।
তিনি জানান, তফসিল ঘোষণার সময় সিইসি নির্বাচন সুষ্ঠু করতে রাজনৈতিক দলসহ সকল অংশীজনদের সহযোগিতা কামনা করবেন। রেওয়াজ অনুযায়ী, নাসিরুদ্দিন নেতৃত্বাধীন নির্বাচন কমিশন আগামীকাল রাষ্ট্রপতির সাথে সাক্ষাৎ করবে। এর আগে, আজ সকালে প্রস্তুতির সার্বিক বিষয় নিয়ে প্রধান বিচারপতির সাথে সাক্ষাৎ করেন সিইসি।

