বাংলাদেশ পুলিশ লুণ্ঠিত অস্ত্র ও গোলাবারুদ উদ্ধারে আর্থিক পুরস্কারের ঘোষণা দিয়েছে। শুক্রবার (৫ সেপ্টেম্বর) বিকেলে পুলিশের ভেরিফায়েড ফেসবুক পেজে এ বিষয়ে পোস্ট দেওয়া হয়।
পোস্টে বলা হয়েছে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার পুলিশের লুণ্ঠিত বিভিন্ন ধরনের অস্ত্র ও গুলি উদ্ধারে প্রকৃত সন্ধানদাতাদের পুরস্কার দেওয়া হবে।
পুরস্কারের পরিমাণ নির্ধারণ করা হয়েছে ধরনভিত্তিক—পিস্তল ও শটগান উদ্ধারে ৫০ হাজার টাকা, চায়না রাইফেল ১ লাখ টাকা, এসএমজি ১ লাখ ৫০ হাজার টাকা এবং এলএমজি ৫ লাখ টাকা। এছাড়া প্রতি রাউন্ড গুলি উদ্ধারে ৫০০ টাকা দেওয়া হবে।
তথ্য বা সন্ধান প্রদানকারী ব্যক্তির পরিচয় সম্পূর্ণ গোপন রাখা হবে বলে পোস্টে উল্লেখ করা হয়েছে। এর আগে ২৫ আগস্ট স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী একই ঘোষণা সংবাদ সম্মেলনে দিয়েছিলেন।

