এম এ আউয়াল আশিক
মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় খাল পুনঃখনন কর্মসূচির আওতায় রশুনিয়া খালের দানিয়াপাড়া ব্রিজ সংলগ্ন এলাকায় ১.২০০ কিলোমিটার খাল পুনঃখনন কাজের শুভ উদ্বোধন করা হয়েছে।
শনিবার (২৫ এপ্রিল ২০২৬) সকাল ১০ টায় উপজেলার রগুনিয়া ইউনিয়নে এ কর্মসূচির উদ্বোধন করেন মুন্সীগঞ্জ-১ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব মোঃ আব্দুলাহ্। এসময় উপস্থিত ছিলেন সিরাজদিখান উপজেলা নির্বাহী অফিসার জনাব রুম্পা ঘোষসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধিরা ও রাজনৈতিক কর্মীরা। ।
জানা যায়, মাননীয় প্রধানমন্ত্রীর নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের ইজিপিপি (EGPP) কর্মসূচির আওতায় এ খাল পুনঃখনন কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে। রশুনিয়া খালের দানিয়াপাড়া ব্রিজের পূর্ব পার্শ্ব থেকে মোতার জাহান বাড়ির দক্ষিণ পার্শ্ব পর্যন্ত প্রায় ১.২০০ কিলোমিটার এলাকাজুড়ে এই কাজ পরিচালিত হবে।
উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ, সিরাজদিখান-এর আয়োজনে অনুষ্ঠিত এ কর্মসূচি বাস্তবায়ন করছে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, খাল পুনঃখননের মাধ্যমে এলাকার জলাবদ্ধতা নিরসন, কৃষি উৎপাদন বৃদ্ধি এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি স্থানীয় জনগণের কর্মসংস্থান সৃষ্টিতেও এ প্রকল্প ইতিবাচক প্রভাব ফেলবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

