তানভীর তুহিন, স্টাফ রিপোর্টার:
ফরিদপুরের সদরপুর উপজেলায় যথাযোগ্য মর্যাদায় জুলাই শহিদ দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে আলোচনা সভার আয়োজন করে উপজেলা প্রশাসন।
বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা শরীফ শাওনের সভাপতিত্বে এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোফাজ্জেল হোসেনের সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় বক্তারা জুলাই শহিদদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তারা বলেন, শহিদদের রক্তের ঋণ জাতি চিরদিন কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করবে। বক্তারা আরও বলেন, জুলাই শহিদদের আদর্শ ধারণ করে দেশপ্রেম, ন্যায়বিচার ও গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। পাশাপাশি নতুন প্রজন্মের কাছে জুলাইয়ের ইতিহাস ও শহিদদের আত্মত্যাগের কথা তুলে ধরার ওপর গুরুত্বারোপ করেন তারা।
তবে অনুষ্ঠানে উপস্থিত কয়েকজন জুলাই যোদ্ধা আক্ষেপ প্রকাশ করে বলেন, বৈষম্যহীন বাংলাদেশ গড়ার যে প্রত্যাশা নিয়ে জুলাই আন্দোলন হয়েছিল, সেই লক্ষ্য এখনো পুরোপুরি বাস্তবায়িত হয়নি।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিফাত আনজুম পিয়া, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সব্যসাচী মজুমদার, উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. মঞ্জুর হোসেন খান, উপজেলা প্রকৌশলী আবুল কালাম আজাদ, ফায়ার সার্ভিস স্টেশন ইনচার্জ রনেন্দ্র রায় চৌধুরী, সদরপুর থানার অফিসার ইনচার্জ মো. আবদুল্লাহ আল মামুন শাহ, উপজেলা বিএনপির আহ্বায়ক কাজী বদরুতজ্জামান, উপজেলা জামায়াতে ইসলামীর আমির দেলোয়ার হাওলাদার, জুলাই যোদ্ধা রাকিবুল হাসান, হাবিব সিয়াম, নুসরাত জাহান লরি, তারিকুল ইসলাম, গণঅধিকার পরিষদের নেতা জাহিদ হাসান, হৃদয় হাওলাদারসহ আহত জুলাই যোদ্ধা, বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

