আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে বাংলাদেশ সংযুক্ত শ্রমিক ফেডারেশনসহ বিভিন্ন ট্রেড ফেডারেশনের যৌথ উদ্যোগে র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১ মে) সকাল সাড়ে ৯টায় বিজয়নগর কেন্দ্রীয় দপ্তর থেকে র্যালিটি শুরু হয়ে পল্টন ও জাতীয় প্রেস ক্লাব হয়ে আবারও বিজয়নগর দপ্তরের সামনে এসে শেষ হয়। পরে সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি শ্রমিক নেতা মোসাদেক হোসেন স্বপন।
সমাবেশে প্রধান বক্তারা বলেন, শ্রমজীবী ও পেশাজীবী মানুষের ন্যায্য অধিকার নিশ্চিত করতে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলা জরুরি।
বক্তারা আরও বলেন, অবিলম্বে ন্যূনতম জাতীয় মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণ, আট ঘণ্টা কর্মদিবস বাস্তবায়ন, অবাধ ট্রেড ইউনিয়ন অধিকার নিশ্চিতকরণ, রেশনিং ব্যবস্থা চালু এবং বন্ধ কলকারখানা পুনরায় চালুর দাবি জানানো হয়।
তারা রানা প্লাজা ও তাজরীন গার্মেন্টস দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত শ্রমিকদের স্থায়ী পুনর্বাসন ও ক্ষতিপূরণ প্রদানেরও দাবি জানান।
এছাড়া গ্রাম পুলিশ কর্মচারীদের ১৯ ও ২০তম গ্রেডে উন্নীতকরণসহ বিভিন্ন খাতের শ্রমিকদের অধিকার নিশ্চিত করার আহ্বান জানানো হয়।
সমাবেশে বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

