কুষ্টিয়ার খোকসা উপজেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় পাঁচজন নিহত হয়েছেন এবং অন্তত ২৫ জন আহত হয়েছেন। শনিবার (২৩ মে) সকালে উপজেলার শিমুলিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, রাজবাড়ী থেকে কুষ্টিয়ার দিকে একটি যাত্রীবাহী বাস যাচ্ছিল। পথে বাসটি একই দিকের একটি বালুবাহী ডাম্প ট্রাককে ওভারটেক করতে গেলে বিপরীত দিক থেকে আসা গরুবাহী ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাসটি সড়কের পাশে খাদে পড়ে যায়।
দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। আহতদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে পাঁচজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
এ ঘটনায় এলাকায় শোক ও আতঙ্কের সৃষ্টি হয়েছে। কর্তৃপক্ষ দুর্ঘটনার কারণ তদন্ত করছে বলে জানা গেছে।

