যুক্তরাজ্যের বহুসাংস্কৃতিক বাস্তবতায় সব ধর্মের মর্যাদা ও স্বাধীনতা রক্ষায় রাজতন্ত্রের ভূমিকায় এক ঐতিহাসিক পরিবর্তন এনেছে বাকিংহাম প্যালেস। দীর্ঘ চারশ বছরের প্রাচীন প্রথা ভেঙে সব ধর্মের মেলবন্ধন ও ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করতে এক অনন্য বার্তা দিলেন রাজা তৃতীয় চার্লস।
রাজপরিবারের সর্বশেষ ‘সোভরেন গ্রান্ট রিপোর্ট’-এ রাজা তৃতীয় চার্লসকে কেবল খ্রিষ্টান ধর্মের রক্ষক (Defender of the Faith) নয়, বরং বহুধর্মীয় ব্রিটেনের সব নাগরিকের ধর্মচর্চার পরিসর রক্ষাকারী হিসেবে বর্ণনা করা হয়েছে।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, রাজার সাংবিধানিক উপাধি অপরিবর্তিত থাকলেও, বাকিংহাম প্যালেসের এই উদ্যোগ বহুধর্মীয় যুক্তরাজ্যে পারস্পরিক শ্রদ্ধা, মর্যাদা ও সম্প্রীতি বাড়াতে এক যুগান্তকারী ভূমিকা রাখবে। আধুনিক ব্রিটেনের বহুসাংস্কৃতিক ও বহুমাত্রিক বাস্তবতাকে রাজতন্ত্র যে স্বীকৃতি দিচ্ছে, এই পদক্ষেপ তারই বড় প্রমাণ।
এই ঐতিহাসিক পরিবর্তনের পর নতুন করে আলোচনায় এসেছে ইসলামি সংস্কৃতি ও সভ্যতার প্রতি রাজা চার্লসের দীর্ঘদিনের অনুরাগ। প্রিন্স অব ওয়েলস থাকাকালীন বিভিন্ন সময়ে ইসলামি শিল্পকলা, স্থাপত্য এবং সংস্কৃতির প্রতি তার গভীর আগ্রহ দেখা গেছে। এমনকি ইসলামি ঐতিহ্যকে আরও গভীরভাবে বোঝার জন্য তাঁর আরবি ভাষা শেখার আগ্রহের বিষয়টিও এখন বেশ গুরুত্বের সাথে চর্চা হচ্ছে।
যুক্তরাজ্যের এই নতুন পদক্ষেপ কেবল দেশটির অভ্যন্তরীণ সম্প্রীতিই বাড়াবে না, বরং বিশ্বজুড়ে ধর্মীয় সহনশীলতা ও বহুত্ববাদের এক শক্তিশালী বার্তা দেবে বলে মনে করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা।

