২০২৬ ফুটবল বিশ্বকাপের গ্রুপ পর্বে স্কটল্যান্ডকে ৩-০ গোলে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে নকআউটে উঠেছে ব্রাজিল। তবে বড় জয়ের আনন্দের মধ্যেও ভিনিসিয়ুস জুনিয়রের একটি বাতিল গোলকে কেন্দ্র করে তৈরি হয়েছে নতুন বিতর্ক। এ ঘটনায় আন্তর্জাতিক ফুটবল সংস্থা (ফিফা)-র কাছে আনুষ্ঠানিক অভিযোগ জমা দিয়েছে ব্রাজিল ফুটবল ফেডারেশন (সিবিএফ)।
ব্রাজিলীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচে ভিএআরের সহায়তায় নেওয়া রেফারির সিদ্ধান্তকে প্রশ্নবিদ্ধ করেছে সিবিএফ। তাদের দাবি, একই ধরনের ঘটনায় অন্য ম্যাচে ভিন্ন সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যা বিচারকার্যে অসামঞ্জস্যের ইঙ্গিত দেয়।
ম্যাচের ২৪তম মিনিটে স্কটিশ ডিফেন্ডার জ্যাক হেনড্রির কাছ থেকে বল ছিনিয়ে নিয়ে গোল করেন ভিনিসিয়ুস জুনিয়র। মাঠের রেফারি প্রথমে গোলের স্বীকৃতি দিলেও পরে ভিএআরের পরামর্শে ভিডিও দেখে সিদ্ধান্ত পরিবর্তন করেন। রিপ্লে পর্যবেক্ষণের পর তিনি মনে করেন, বল দখলের সময় ভিনিসিয়ুস প্রতিপক্ষের বিরুদ্ধে ফাউল করেছিলেন। ফলে গোলটি বাতিল করা হয়।
এ সিদ্ধান্তে হতাশা প্রকাশ করে ম্যাচ শেষে ভিনিসিয়ুস বলেন, এমন সিদ্ধান্ত মেনে নেওয়া কঠিন এবং এটি অত্যন্ত হতাশাজনক।
অভিযোগপত্রে সিবিএফ আর্জেন্টিনা-অস্ট্রিয়া ম্যাচের একটি ঘটনাও উল্লেখ করেছে। সেখানে আলেক্সিস ম্যাক অ্যালিস্টারের ট্যাকলের পর লিওনেল মেসির গোল বৈধ ধরা হলেও একই ধরনের পরিস্থিতিতে ব্রাজিলের গোল বাতিল করা হয়েছে বলে দাবি তাদের। এ কারণে রেফারিংয়ে ধারাবাহিকতা বজায় রাখার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনার আহ্বান জানিয়েছে ব্রাজিল।
বিতর্ক থাকলেও বিশ্বকাপ জয়ের লক্ষ্য থেকে সরে আসতে চায় না সেলেসাওরা। নকআউট পর্বে আগামী ২৯ জুন জাপানের বিপক্ষে মাঠে নামবে কার্লো আনচেলত্তির দল। সুইডেনের বিপক্ষে ড্র করে গ্রুপ রানার্সআপ হিসেবে শেষ ৩২ নিশ্চিত করেছে জাপান। সেই ম্যাচ দিয়েই ব্রাজিলের নকআউট অভিযান শুরু হবে।

