কক্সবাজারের টেকনাফে নাফ নদী থেকে অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মৃত ব্যক্তির বয়স আনুমানিক ৪০ বছর বলে ধারণা করা হচ্ছে।
শুক্রবার (৩ অক্টোবর) বেলা ১১টার দিকে শাহপরীর দ্বীপ ট্রলারঘাট সংলগ্ন নাফ নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
স্থানীয় বাসিন্দা নুরুল আলম জানান, সকালে নদীতে ভাসমান মরদেহটি প্রথমে স্থানীয়রা দেখতে পান। পরে পুলিশে খবর দিলে টেকনাফ মডেল থানা মরদেহ উদ্ধার করে। নিহতের পরনে গেঞ্জি ও হাফপ্যান্ট ছিল।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জায়েদ নূর বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে শাহপরীর দ্বীপ এলাকা থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিক সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

