বান্দরবান প্রতিনিধি:
বান্দরবানের সাঙ্গু নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া যুবক হৃদয় (২২)-এর মরদেহ প্রায় ১৮ ঘণ্টা পর উদ্ধার করা হয়েছে।
আজ (বৃহস্পতিবার, ১৪ মে) সকালে শহরের কালাঘাটা নতুন ব্রিজের নিচে সাঙ্গু নদী থেকে স্থানীয়রা ও ফায়ার সার্ভিস কর্মীরা তার মরদেহ উদ্ধার করেন।
স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল দুপুরে হৃদয় বোটঘাটা এলাকায় সাঙ্গু নদীতে গোসল করতে নামেন। এরপর দীর্ঘ সময়েও তিনি বাড়ি না ফেরায় স্বজনরা খোঁজাখুঁজি শুরু করেন। পরে নদীর চরে তার ব্যবহৃত জুতা পাওয়া গেলেও তাকে আর খুঁজে পাওয়া যায়নি।
খবর পেয়ে ফায়ার সার্ভিস ও স্থানীয়রা উদ্ধার অভিযান চালালেও গতকাল সন্ধ্যা পর্যন্ত তার সন্ধান মেলেনি। পরে আজ সকালে আবারও অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে কিছু দূরে নদী থেকে মরদেহ উদ্ধার করা হয়।
বান্দরবান সদর থানার ওসি শাহেদ পারভেজ জানান, মরদেহ উদ্ধার শেষে আইনগত প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

