দীর্ঘ চোট-সংকট ও নানা জল্পনা-কল্পনার পর অবশেষে ব্রাজিলের বিশ্বকাপ দলে জায়গা পেয়েছেন তারকা ফুটবলার নেইমার জুনিয়র। তবে দল ঘোষণার পরপরই নতুন করে ইনজুরির খবরে উদ্বেগ দেখা দিয়েছে ব্রাজিল শিবিরে।
ব্রাজিলিয়ান ক্লাব সান্তোস জানিয়েছে, ডান পায়ের কাফ মাসলে হালকা চোট পাওয়ায় আগামী কয়েকটি ম্যাচে মাঠের বাইরে থাকতে পারেন নেইমার। তবে জাতীয় দলের ক্যাম্পে যোগ দেওয়ার ক্ষেত্রে আপাতত কোনো বাধা দেখছেন না চিকিৎসকরা।
গত রোববার কুরিতিবার বিপক্ষে ম্যাচে খেলাকালীন অস্বস্তি অনুভব করেন নেইমার। দ্বিতীয়ার্ধে চিকিৎসা নেওয়ার পর তাকে মাঠ থেকে তুলে নেওয়া হয়। এ সময় বদলি সংক্রান্ত কিছু বিভ্রান্তির কারণে পরিস্থিতি পুরোপুরি না বুঝেই আবার মাঠে প্রবেশ করেছিলেন এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড।
বুধবার (২০ মে) সান্তোসের মেডিক্যাল বিভাগের প্রধান রদ্রিগো জোগাইব জানান, নেইমারের কাফ মাসলে সামান্য ফোলাভাব রয়েছে। তবে চোট গুরুতর নয় এবং পুনর্বাসন প্রক্রিয়া ইতিবাচকভাবে এগোচ্ছে।
তিনি বলেন, পরিকল্পনা অনুযায়ী চিকিৎসা চললে আগামী সপ্তাহেই জাতীয় দলের সঙ্গে যোগ দিতে পারবেন নেইমার।
বর্তমানে সান্তোসের ‘রেই পেলে ট্রেনিং সেন্টারে’ ব্যক্তিগত স্টাফদের তত্ত্বাবধানে চিকিৎসা নিচ্ছেন তিনি। পাশাপাশি ব্রাজিল ফুটবল কনফেডারেশনের চিকিৎসকরাও তার শারীরিক অবস্থার ওপর নিবিড় নজর রাখছেন।
ক্রীড়াভিত্তিক সংবাদমাধ্যম ইএসপিএনের এক প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্বকাপ দল ঘোষণার আগে নেইমারের চোট নিয়ে কিছুটা উদ্বেগে ছিল ব্রাজিলের কোচিং স্টাফ। বিশেষ করে প্রস্তুতি ম্যাচ ও জাতীয় দলের কার্যক্রমে তার অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছিল। পরে চোট গুরুতর নয় বলে নিশ্চিত হওয়ার পরই তাকে দলে অন্তর্ভুক্ত করা হয়।
চোটের কারণে কোপা সুদামেরিকানায় সান লরেঞ্জোর বিপক্ষে ম্যাচ খেলতে পারেননি নেইমার। এছাড়া সামনে গ্রেমিও ও দেপোর্তিভো কুয়েঙ্কার বিপক্ষেও তার খেলার সম্ভাবনা কম বলে জানা গেছে।

