মোঃ শরিফ বিল্লাহ ,ডোমার (নীলফামারী) প্রতিনিধি:
নীলফামারীর ডোমার উপজেলার চিলাহাটিতে বিট পুলিশিং কার্যক্রম জোরদার এবং সামাজিক অপরাধ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১১ জুন) বিকেলে চিলাহাটি সরকারি কলেজের হলরুমে চিলাহাটি পুলিশ তদন্ত কেন্দ্রের উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফারুক আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাবিবুল্লাহ। এছাড়া আব্দুল গফুর, রিয়াজুল ইসলাম, খলিলুর রহমান এবং সমাজসেবক মোহাব্বত হোসেন বাবুসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে এলাকার গণ্যমান্য ব্যক্তি, সুশীল সমাজের প্রতিনিধি, সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ এবং সাধারণ জনগণ অংশগ্রহণ করেন।
আলোচনায় মাদকদ্রব্যের অপব্যবহার, বাল্যবিবাহ, ইভটিজিং, নারী নির্যাতন, নারী পাচার, জুয়া, চুরি-ছিনতাই ও সন্ত্রাসবাদের মতো সামাজিক সমস্যাগুলো প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।
বক্তারা বলেন, সমাজ থেকে অপরাধ নির্মূলে শুধু আইনশৃঙ্খলা বাহিনীর উদ্যোগ যথেষ্ট নয়; এজন্য জনগণের সক্রিয় অংশগ্রহণ ও সহযোগিতা প্রয়োজন। পুলিশ ও সাধারণ মানুষের মধ্যে পারস্পরিক আস্থা ও যোগাযোগ বৃদ্ধি পেলে অপরাধ দমন আরও কার্যকর হবে।
তারা আরও বলেন, তরুণ প্রজন্মকে মাদক ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান এবং সমাজের সচেতন ব্যক্তিদের সমন্বিতভাবে কাজ করতে হবে। পাশাপাশি কোনো অপরাধ সংঘটনের আগেই তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করার আহ্বান জানানো হয়।
সভায় উপস্থিত ব্যক্তিদের মতামত গ্রহণের সময় ছাত্রদল নেতা রাকিব হোসেন চিলাহাটিতে মাদকের বিস্তার নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, মাদকাসক্তি তরুণ সমাজের জন্য বড় হুমকি হয়ে উঠছে এবং এ বিষয়ে আরও কঠোর নজরদারি প্রয়োজন।
তিনি দাবি করেন, চিলাহাটি উচ্চ বিদ্যালয় এলাকা, ফাজিল মাদ্রাসা সংলগ্ন স্থান, সানমুন স্কুলের সামনের অংশ, সরকারি কলেজের পেছনের এলাকা এবং রেলস্টেশন সংলগ্ন কিছু স্থানে মাদকসংশ্লিষ্ট কার্যক্রমের অভিযোগ রয়েছে। বিষয়গুলো তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য তিনি আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানান।
সভায় বিট পুলিশিং কার্যক্রমকে আরও জনবান্ধব ও কার্যকর করার লক্ষ্যে স্থানীয় জনগণের মতামত গ্রহণ করা হয়।
এ সময় পুলিশ কর্মকর্তারা বিভিন্ন অভিযোগ ও পরামর্শ শোনেন এবং সামাজিক অপরাধ দমনে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেন।
