মো: এ কে নোমান, নওগাঁ প্রতিনিধি:
কাউন্টারে হামলা ও বাস চালককে মারধরের ঘটনার প্রতিবাদে নওগাঁর ঢাকা বাসস্ট্যান্ড থেকে দূরপাল্লার সব রুটের বাস চলাচল বন্ধ করে দিয়েছেন পরিবহন শ্রমিকরা। আজ মঙ্গলবার (১৯ মে) বেলা ১১টা থেকে শহরের ঢাকা বাসস্ট্যান্ড এলাকায় সড়কে বাস আড়াআড়ি করে ব্যারিকেড দিয়ে এই ধর্মঘট শুরু করেন চালক, মালিক ও শ্রমিকরা।
শ্রমিকদের অভিযোগ, সোমবার (১৮ মে) রাত ১২টার দিকে কিছু বহিরাগত দুর্বৃত্ত আকস্মিকভাবে এক বাস চালককে মারধর করে। এরই ধারাবাহিকতায় পরবর্তীতে তারা ‘একতা পরিবহন’ এর বাস কাউন্টারে ভাঙচুর ও হামলা চালায়। এই ঘটনায় জড়িত দোষীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন শ্রমিকরা। দাবি আদায় না হওয়া পর্যন্ত এই রুটে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ রাখার ঘোষণা দিয়েছেন তারা।
এদিকে উদ্ভূত পরিস্থিতি নিয়ন্ত্রণে শ্রমিক নেতাদের নিয়ে জরুরি বৈঠক শুরু হয়েছে। জেলা বাস শ্রমিক ইউনিয়নের যুগ্ম আহ্বায়ক মমিনুল হক চঞ্চল জানান, “ইতোমধ্যে শ্রমিকদের সাথে প্রাথমিক বৈঠক হয়েছে। জেলা বাস শ্রমিক ইউনিয়নের আহ্বায়ক আবু বক্কর সিদ্দিক নান্নু শ্রমিকদের দাবি ও ক্ষোভের কথা শুনেছেন। শ্রমিকদের গায়ে হাত তোলা কোনোভাবেই মেনে নেওয়া যায় না, অপরাধী যে দলেরই হোক তাকে শাস্তির আওতায় আনতে হবে। আমরা উভয় পক্ষের সাথে কথা বলে দ্রুত যানবাহন চলাচলের ব্যবস্থা নেওয়ার চেষ্টা করছি।”
ঘটনার সত্যতা নিশ্চিত করে নওগাঁ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আসাদুজ্জামান জানান, খবর পাওয়ার পরপরই ঢাকা বাসস্ট্যান্ড এলাকায় পুলিশ পাঠানো হয়েছে। পরিস্থিতি শান্ত রাখতে এবং উভয় পক্ষের দাবি-দাওয়া শুনে দ্রুত যান চলাচল স্বাভাবিক করতে পুলিশ তৎপরতা চালাচ্ছে।
হঠাৎ করে কোনো পূর্বঘোষণা ছাড়াই দূরপাল্লা ও অভ্যন্তরীণ রুটের বাস চলাচল বন্ধ হয়ে যাওয়ায় চরম বিপাকে পড়েছেন সাধারণ যাত্রী ও পথচারীরা। গন্তব্যে পৌঁছাতে না পেরে বাস টার্মিনালগুলোতেই অনেককে দীর্ঘ সময় ধরে অপেক্ষা করতে দেখা গেছে।

