প্রান্তিক জনগোষ্ঠীর জন্য কমিউনিটি-পরিচালিত রান্না করা খাদ্য বিতরণ কর্মসূচির পুষ্টিগত মান উন্নয়ন বিষয়ে আয়োজিত এক গোলটেবিল বৈঠকে দেশের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল বাংলা এফএম-কে বিশেষ সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে।
রাজধানীর সেগুনবাগিচায় তোপখানা রোডস্থ রিপোর্টার্স ইউনিটিতে অনুষ্ঠিত এ গোলটেবিল আলোচনার আয়োজন করে আশার আলো সোসাইটি। কর্মসূচির মিডিয়া পার্টনার হিসেবে দায়িত্ব পালন করে বাংলা এফএম। অনুষ্ঠানের শেষ পর্বে সমাজসেবা ও মানবিক কার্যক্রমে গণমাধ্যমের ইতিবাচক ভূমিকা এবং জনসচেতনতা তৈরিতে অবদানের স্বীকৃতিস্বরূপ বাংলা এফএমকে এ সম্মাননা প্রদান করা হয়। একই সঙ্গে সম্মাননা স্মারক প্রদান করা হয় বিদ্যানন্দ ফাউন্ডেশন এবং আশার আলো সোসাইটি-কেও।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক মো. শাহাজাহান। এছাড়া ‘গেস্ট অব অনার’ হিসেবে বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব নিউট্রিশন অ্যান্ড ফুড সায়েন্সের সহযোগী অধ্যাপক ড. আলী আব্বাস মোহাম্মদ খোরশেদ এবং সাউথ এশিয়া, আউচান রিটেইলের কমপ্লায়েন্স ম্যানেজার সাইফুল আলম মল্লিক। তারা প্রান্তিক জনগোষ্ঠীর জন্য নিরাপদ ও পুষ্টিকর খাদ্য নিশ্চিত করতে সরকারি-বেসরকারি সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন আশার আলোর নির্বাহী পরিচালক আব্দুর রহমান। পরে আশার আলো সোসাইটির টেকনিক্যাল অ্যাডভাইজার (ফুড সিস্টেম অ্যান্ড নিউট্রিশন) মো. শাহজাহান মাতুব্বর প্রকল্পের বিভিন্ন দিক তুলে ধরেন। মাঠপর্যায়ের অভিজ্ঞতা তুলে ধরেন বিদ্যানন্দ ফাউন্ডেশনের পরিচালক (অর্থ) মোহাম্মদ জামাল উদ্দিন।
অনুষ্ঠানের সমাপনী পর্বে বাংলা এফএম-এর সম্পাদক রাশেদ মানিক ধন্যবাদ জ্ঞাপন করেন। তিনি বলেন, “বিদ্যানন্দ ও আশার আলো সোসাইটির মতো প্রতিষ্ঠানগুলোর পাশাপাশি সমাজের সবাই নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে এলে প্রতিদিন খাদ্যের জন্য সংগ্রাম করা মানুষের পাশে আরও কার্যকরভাবে দাঁড়ানো সম্ভব হবে। শুধু খাবার বিতরণ নয়, পুষ্টিকর খাদ্য নিশ্চিত করাও আমাদের সম্মিলিত দায়িত্ব।”

