চলতি ঈদে মুক্তির পর থেকেই দর্শক ও সমালোচকদের প্রশংসায় ভাসছে মাসুদ হাসান উজ্জ্বলের নতুন চলচ্চিত্র ‘বনলতা সেন’। রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশের বিখ্যাত কবিতাটিকে উপজীব্য করে নির্মাতা যে গল্পের জাল বুনেছেন, তাতে বুঁদ হচ্ছেন দর্শক। সাধারণ দর্শকের পাশাপাশি শোবিজ অঙ্গনের তারকারাও শামিল হচ্ছেন এই ছবি বন্দনায়। এবার সেই তালিকায় যুক্ত হলেন জনপ্রিয় অভিনেত্রী অর্চিতা স্পর্শিয়া।
সোমবার (৮ জুন) সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবিটির ভূয়সী প্রশংসা করে স্পর্শিয়া লেখেন, “সব গান সবার জন্য নয়, সব চলচ্চিত্র সবার জন্য নয়। ‘বনলতা সেন’ আমার মতো অনেকের যেমন ভালো লাগবে, অনেকের লাগবে না। কিন্তু ইতিহাসের পাতায় থাকবে ছবিটি।” তিনি স্পষ্ট করেন, চলচ্চিত্র সমালোচক হিসেবে নয়, একজন সাধারণ দর্শক হিসেবেই তিনি নিজের এই অনুভূতি ব্যক্ত করেছেন।
চলচ্চিত্রটির নামভূমিকা (বনলতা সেন) নিয়ে দর্শকের মাঝে যে কৌতূহল ছিল, তার সফল বাস্তবায়ন ঘটেছে বলে মনে করেন স্পর্শিয়া। অভিনেত্রী নাবিলাকে নিয়ে তিনি লেখেন, “পরিচালক এবং আমাদের কল্পনা ও কৌতূহলের বনলতার সঙ্গে নাবিলা, পুরোপুরি মানিয়েছে। হোয়াট আ ক্ল্যাসিক বিউটি শি ইজ!”
অভিনেতা সোহেল মণ্ডলের অভিনয়ের প্রশংসা করতে গিয়ে স্পর্শিয়া জীবনানন্দের আরেকটি বিখ্যাত কবিতার পঙ্ক্তি—‘মহীনের ঘোড়াগুলো ঘাস খায় কার্তিকের জ্যোৎস্নার প্রান্তরে’ উল্লেখ করেন। সোহেল মণ্ডলের অভিনয় দক্ষতা নিয়ে তিনি বলেন, “সোহেল মণ্ডল বাংলাদেশের সম্পদ। বিশেষ করে তার শেষের দৃশ্যগুলোর মাঝে, কেমন যেন নিজেরই কৈশোরের মন খুঁজে পাওয়া।”
সিনেমায় কবি জীবনানন্দ দাশের চরিত্রে অভিনয় করা খায়রুল বাশারকে নিয়ে সবচেয়ে আবেগঘন বার্তা দেন স্পর্শিয়া। তিনি লেখেন:
“এই যুগে জীবনানন্দ দাশকে ধারণ করে, আমাদের কাছে কেউ যদি উপস্থাপন করতে পারে, তাহলে সেটা শুধুই খায়রুল বাশার। বাশারের কণ্ঠ, চোখের চাহনি, ঠোঁটের কোনায় ব্যালেন্সড হাসি, ব্যক্তিজীবনে সাহিত্যচর্চা, তার সঙ্গে স্বচ্ছ এবং আন্তরিক মন—সব মিলিয়ে বরাবরই সে একজন দুর্দান্ত পারফর্মার। আশা রাখি তাকে আরও ব্যবহার করা হবে।”
মাসুদ হাসান উজ্জ্বল পরিচালিত ‘বনলতা সেন’ চলচ্চিত্রটি বর্তমানে দেশের শীর্ষ চার মাল্টিপ্লেক্সে সফলতার সাথে প্রদর্শিত হচ্ছে। প্রেক্ষাগৃহগুলো হলো:
১. স্টার সিনেপ্লেক্স
২. ব্লকবাস্টার সিনেমাস
৩. লায়ন সিনেমাস
৪. কে স্ক্রিন
ছবির নির্মাতা, অভিনয়শিল্পী এবং পর্দার পেছনের সব কলাকুশলীদের প্রতি ভালোবাসা জানিয়ে সিনেমাটি দেখার জন্য দর্শকদের আহ্বান জানিয়েছেন স্পর্শিয়া।

