লালমনিরহাট জেলা প্রতিনিধি:
বুধবার লালমনিরহাট বিমান বাহিনী সংলগ্ন এলাকায় লালমনিরহাটে অ্যাভিয়েশন বিশ্ববিদ্যালয়ের একটি গাড়ির ধাক্কায় মোঃ রনি সরকার (২৬) নামে এক অটোরিকশাচালক নিহত হয়েছেন।
নিহত রনি সরকার সদর উপজেলার হারাটি ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ফড়িং-এর দিঘি গ্রামের নুর ইসলামের ছেলে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, দুপুরে রনি সরকার তার অটোরিকশা নিয়ে বিমান বাহিনী সংলগ্ন রাস্তার পাশের একটি খাবার দোকানে দুপুরের খাবার খাচ্ছিলেন। খাবার শেষ করে তিনি যখন অটোরিকশার পাশে দাঁড়িয়ে ছিলেন, ঠিক সেই মুহূর্তে অ্যাভিয়েশন বিশ্ববিদ্যালয়ের একটি দ্রুতগামী গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে তাকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি ঘটনাস্থলেই গুরুতর আহত হন।
স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। পরবর্তীতে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পৌঁছালে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এই মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়লে শোকের ছায়া নেমে আসে এবং মুহূর্তের মধ্যেই স্থানীয় জনতা ও অটোরিকশাচালকরা সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। এতে সংশ্লিষ্ট সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায় ।
পুলিশ প্রশাসন জানায়, পরিস্থিতি নিয়ন্ত্রন করা হয়েছে। দায়ী গাড়িটি ও এর চালককে চিহ্নিত করে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তারা আশ্বস্ত করার ফলে এলাকবাসী অবরোধ তুলে নেয়।
এ ঘটনায় নিহতের পরিবার ও এলাকাবাসী সুষ্ঠ তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।

