জাতীয় ক্যান্সার হাসপাতালের উপ-পরিচালক ডা. আহমদ হোসেনকে কুপিয়ে জখমের ঘটনায় অজ্ঞাতনামা মূলহোতাসহ ৫ জনকে গ্রেফতার করেছে র্যাব-১।
র্যাব জানায়, ২০ এপ্রিল ২০২৬ বিকেল আনুমানিক ৪টা ৩০ মিনিটে কর্মস্থল থেকে বাসায় ফেরার পথে রাজধানীর পুরাতন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের পেছনের একটি গলিতে ডা. আহমদ হোসেনের ওপর হামলা চালানো হয়। হামলাকারীরা ব্লেড ও ছুরি দিয়ে তার ডান হাত ও পিঠে এলোপাতাড়ি আঘাত করে পালিয়ে যায়।
ঘটনার পর র্যাব-১ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে দক্ষিণখান, বাড্ডা, গুলশান ও গাজীপুরের গাছা থানা এলাকা থেকে পাঁচজনকে গ্রেফতার করে।
গ্রেফতারদের মধ্যে রয়েছেন— শরিফুল আলম ওরফে করিম, আমিনুল ইসলাম ওরফে কালু, সালাউদ্দিন, আরিফুজ্জামান এবং সাজ্জাদ ওরফে বদি।
র্যাবের তথ্য অনুযায়ী, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, জাতীয় ক্যান্সার হাসপাতালের টেন্ডার নিয়ন্ত্রণ ও ব্যবসায়িক দ্বন্দ্বকে কেন্দ্র করে এ হামলার পরিকল্পনা করা হয়। মালয়েশিয়া প্রবাসী রুবেলের নির্দেশে হামলার ছক তৈরি করা হয় এবং ২০ হাজার টাকার বিনিময়ে ভাড়াটে হামলাকারী নিয়োগ দেওয়া হয়।
ঘটনার দিন সালাউদ্দিন প্রথমে ব্লেড দিয়ে এবং পরে আরিফুজ্জামান ছুরি দিয়ে ডা. আহমদের ওপর আঘাত করে বলে জানানো হয়েছে।
গ্রেফতারদের ডিএমপি বনানী থানায় হস্তান্তর প্রক্রিয়াধীন রয়েছে।

