দীপক কুমার দেব নাথ ,সরাইল(ব্রাহ্মনবাড়িয়া) প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার পাকশিমুল ইউনিয়নের পরমানন্দপুর গ্রামে মাদকবিরোধী মানববন্ধন কর্মসূচি পালন করেছেন এলাকাবাসী। শুক্রবার (১৭ জুলাই) জুমার নামাজের পর গ্রামবাসী একত্রিত হয়ে এ কর্মসূচির আয়োজন করেন।
স্থানীয় জজ মিয়ার সভাপতিত্বে এবং আঙুর মিয়ার সঞ্চালনায় অনুষ্ঠিত মানববন্ধনে উপস্থিত ছিলেন মজিবুর রহমান, আবির মিয়া, আবুল কালাম, সরদার সৈকত মিয়া, আলফাজ মেম্বার, সমসো মিয়া ও খোকন মিয়া। তাদের নেতৃত্বে এলাকাবাসী মাদকবিরোধী বিভিন্ন স্লোগান দেন এবং দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
মানববন্ধনে অংশ নেওয়া স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে এলাকার কাঞ্চন মিয়া, রতন মিয়া, শাহিন মিয়া, রুবেল মিয়া ও ইসমাইল মিয়ার বিরুদ্ধে মাদক ব্যবসা, মাদক সেবনের পরিবেশ সৃষ্টি এবং বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে। এলাকাবাসীর দাবি, এসব কর্মকাণ্ড বন্ধে একাধিকবার সতর্ক করা হলেও তাদের আচরণে কোনো ইতিবাচক পরিবর্তন দেখা যায়নি।
স্থানীয়দের ভাষ্য, অভিযুক্তদের কর্মকাণ্ডের কারণে এলাকায় মাদকের বিস্তার বেড়েছে এবং বিশেষ করে তরুণদের একটি অংশ মাদকের প্রতি আসক্ত হয়ে পড়ছে। এছাড়া বিদেশি মদ ও নারীদের নিয়ে ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করার অভিযোগও তোলেন তারা।
বক্তারা আরও অভিযোগ করেন, মাদকসেবীদের একটি অংশ ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে সাধারণ মানুষকে আতঙ্কিত করে এবং মোবাইল ছিনতাইসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছে। ফলে অনেকেই ভয়ে প্রকাশ্যে প্রতিবাদ করতে সাহস পান না।
মানববন্ধন থেকে এলাকাবাসী প্রশাসনের প্রতি দ্রুত হস্তক্ষেপের আহ্বান জানান। তারা অভিযোগগুলোর সুষ্ঠু তদন্ত করে সত্যতা পাওয়া গেলে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান। একই সঙ্গে পরমানন্দপুর গ্রামকে মাদকমুক্ত ও নিরাপদ পরিবেশ হিসেবে গড়ে তুলতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর উদ্যোগ কামনা করেন।

