লালমনিরহাট প্রতিনিধি:
বৃহস্পতিবার গভীর রাত আনুমানিক ২টার দিকে সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের ছররা গুলিতে মো. খাদেমুল (২৫) নামে এক বাংলাদেশি যুবক গুলিবিদ্ধ হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, সীমান্ত পিলার ৯০৫/৬ এস-এর প্রায় ১৫০ গজ ভারতের অভ্যন্তরে খাদেমুল সহ কয়েকজন বাংলাদেশি চোরাকারবারের উদ্দেশ্যে কাঁটাতারের বেড়ার কাছে গেলে ভারতের ৭৮ বিএসএফ ব্যাটালিয়নের পাগলামারী ক্যাম্পের টহল দল তাদের লক্ষ্য করে ছররা গুলি ছোড়ে। এসময় খাদেমুলের মুখ, বুক ও মাথায় আঘাত লাগে। গুলিবিদ্ধ অবস্থায় খাদেমুল দ্রুত বাংলাদেশের অভ্যন্তরে ফিরে আসেন। পরে স্থানীয় লোকজন ও তার সহযোগীরা তাকে উদ্ধার করে রংপুর ডক্টরস ক্লিনিকে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত খাদেমুল হাতিবান্ধা উপজেলার উত্তর আমঝোল গ্রামের আমজাদ হোসেনের ছেলে।
এ বিষয়ে বিজিবি এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, ঘটনার পরপরই বিজিবি বিষয়টি গুরুত্বের সাথে অনুসন্ধান শুরু করে এবং সংশ্লিষ্ট ৭৮ বিএসএফ ব্যাটালিয়নের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ স্থাপন করে। প্রাথমিক পর্যায়ে বিএসএফ কর্তৃপক্ষ বিষয়টি তদন্তপূর্বক জানানো হবে বলে আশ্বস্ত করলেও পরবর্তীতে তারা ঘটনাটির সাথে তাদের সম্পৃক্ততার বিষয়টি অস্বীকার করে।
এ প্রসঙ্গে লালমনিরহাট ব্যাটালিয়নের অধিনায়ক জানান যে, ঘটনাটির প্রকৃত কারণ নিরূপণে বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে। নিহত ব্যক্তির শরীরের আঘাতের ধরন পর্যালোচনায় বিভিন্ন সম্ভাবনা বিবেচনায় রাখা হয়েছে এবং ময়নাতদন্ত প্রতিবেদন প্রাপ্তির পর বিষয়টি অধিকতর স্পষ্ট হবে বলে ধারণা করা হচ্ছে। এ বিষয়ে কোম্পানি কমান্ডার ও ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

