সিলেট বিভাগে হামের প্রাদুর্ভাব উদ্বেগজনকভাবে অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে মুনতাহা (৭) নামে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৭৭ জন বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন এবং ল্যাব পরীক্ষায় আরও ১৫ জনের হাম শনাক্ত হয়েছে।
শুক্রবার (৩১ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক ডা. মো. মাহবুবুল আলম এসব তথ্য নিশ্চিত করেন।
স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৩১ জুলাই পর্যন্ত সিলেট বিভাগে ল্যাব পরীক্ষায় মোট ৬৪৯ জনের হাম শনাক্ত হয়েছে। এর মধ্যে সুনামগঞ্জে ৩২৭ জন, সিলেট জেলায় ২২০ জন, হবিগঞ্জে ৬২ জন এবং মৌলভীবাজারে ৪০ জন আক্রান্ত হয়েছেন। হবিগঞ্জের আক্রান্তদের মধ্যে দুজনের রুবেলাও শনাক্ত হয়েছে।
গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হওয়া ৭৭ জনের মধ্যে ৪৫ জন শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে, ৩০ জন সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে এবং একজন করে গোলাপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে ভর্তি হয়েছেন।
বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন রয়েছেন ২৬৩ জন। এর মধ্যে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৯৪ জন, শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ৭৫ জন, সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে ৩৯ জন, মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ২০ জন, রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে ১২ জন, নর্থ ইস্ট মেডিকেল কলেজ হাসপাতালে ৮ জন এবং হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে ৫ জন রয়েছেন। এছাড়া বিভিন্ন উপজেলা স্বাস্থ্যকেন্দ্র ও বেসরকারি হাসপাতালেও রোগীরা চিকিৎসা নিচ্ছেন।
নতুন মৃত্যুসহ সিলেট বিভাগে হাম ও হামের উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১১১ জনে। এর মধ্যে সুনামগঞ্জে ৪৮ জন, সিলেটে ৩৯ জন, মৌলভীবাজারে ১৩ জন এবং হবিগঞ্জে ১১ জন মারা গেছেন। মৃতদের মধ্যে কয়েকজনের ক্ষেত্রে ল্যাব পরীক্ষায় হাম নিশ্চিত হয়েছে।
স্বাস্থ্য বিভাগ শিশুদের নির্ধারিত সময়ে হামের টিকা নিশ্চিত করার পাশাপাশি জ্বর, শরীরে র্যাশ বা হামের লক্ষণ দেখা দিলে দ্রুত নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে নেওয়ার আহ্বান জানিয়েছে।

