ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে ব্যালটে আগাম ভোট দেওয়ার অভিযোগ উঠেছে। সোমবার টিএসসি কেন্দ্রে এ অভিযোগ করেন স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্যের প্রার্থী রূপাইয়া শ্রেষ্ঠা তঞ্চঙ্গ্যা।
তিনি জানান, তার এক সহপাঠী ব্যালট নিতে বুথে গেলে দেখে ভিপি প্রার্থী সাদিক কায়েম ও জিএস প্রার্থী এস এম ফরহাদের নামের পাশে আগেই ক্রস দেওয়া রয়েছে। বিষয়টি নিয়ে প্রশ্ন করলে উল্টো তাকে জিজ্ঞাসাবাদ করা হয় বলেও অভিযোগ করেন শ্রেষ্ঠা।
তবে টিএসসি কেন্দ্রের রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক নাসরিন সুলতানা অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেন, “ব্যালট নিয়ে অভিযোগ পাওয়ার পর তা যাচাই করা হয়েছে। এ ধরনের ঘটনা আর পাওয়া যায়নি। সংশ্লিষ্ট শিক্ষার্থীকে নতুন ব্যালট দিয়েও ভোট দেওয়ার সুযোগ দেওয়া হয়েছে। অভিযোগ যেহেতু উঠেছে, সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে দেখা হবে।”
সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ক্যাম্পাসের আটটি কেন্দ্রে মোট ৮১০টি বুথে ডাকসু ও হল সংসদ নির্বাচনের ভোটগ্রহণ চলছে।

