স্ত্রী আফরা ইভনাথ ইকরার মৃত্যুকে কেন্দ্র করে দায়ের হওয়া আত্মহত্যার প্ররোচনার মামলায় আদালতে আত্মসমর্পণ করেছেন অভিনেতা জাহের আলভী (নিয়ামত উল্লাহ ভুঁইয়া)। তিনি জামিনের আবেদনও করেছেন।
বৃহস্পতিবার (১৮ জুন) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কামাল উদ্দীনের আদালতে এ বিষয়ে শুনানি হওয়ার কথা রয়েছে বলে জানিয়েছে রাষ্ট্রপক্ষ।
মামলার নথি অনুযায়ী, গত ২৮ ফেব্রুয়ারি রাজধানীর মিরপুর ডিওএইচএস এলাকার বাসা থেকে আফরা ইভনাথ ইকরাকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করেন পরিবারের সদস্যরা। পরে তাকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।
ঘটনার পর একই দিন রাতে ইকরার বাবা কবির হায়াত খান মিরপুর থানায় মামলা দায়ের করেন। অভিযোগে বলা হয়, দীর্ঘদিনের পারিবারিক কলহ ও নির্যাতনের কারণে ইকরা আত্মহত্যা করতে বাধ্য হয়েছেন।
২০১০ সালে জাহের আলভী ও ইকরার বিয়ে হয়। তাদের একটি ছেলে সন্তান রয়েছে।
এর আগে একই মামলায় গত ৪ জুন জাহের আলভীর মা নাসরিন সুলতানা শিউলি আদালতে আত্মসমর্পণ করে জামিন পান।
মামলাটির পরবর্তী শুনানি ও আদালতের সিদ্ধান্তের দিকে এখন নজর রয়েছে সংশ্লিষ্টদের।

