এম.শাহীন আল আমীন, জামালপুর জেলা প্রতিনিধি :
“আমি অসুস্থ্য। আমার জানাজায় বিএনপির কোন নেতা কর্মী উপস্থিত থাকবেন না।” নিজের ফেসবুক আইডি থেকে পোস্টটি দিয়েছেন জামালপুরের বকশীগঞ্জ উপজেলার পৌর জাতীয়তাবাদী যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল শাফি লিপন। শুক্রবার(১০ জুলাই) দুপুরে সোসাল মিডিয়ায় পোস্টটি দেন লিপন।
জানা যায়, আব্দুল্লাহ আল শাফি লিপন ছাত্র জীবনে বকশীগঞ্জ সরকারি কিয়ামত উল্লাহ কলেজে জাতীয়তাবাদী ছাত্র দলের মনোনীত প্রাথী হিসেবে জিএস নির্বাচিত হয়ে ছিলেন। তিনি বকশীগঞ্জ উপজেলা জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক। দীর্ঘ সময় তিনি বকশীগঞ্জ পৌর বিএনপির সাধারণ সম্পাদক ছিলেন। আব্দুল্লাহ আল শাফি লিপন জামালপুর জেলা বিএনপির সদস্যও ছিলেন। তিনি আওয়ামীলীগ সরকারের আমলে ১৮টি মামলার আসামী ছিলেন। জেলও খেটেছেন দীর্ঘ সময়।
গণ আন্দোলের মুখে আওয়ামীলীগ সরকার পতনের পর বকশীগঞ্জ উপজেলা বিএনপি দুই ভাগে বিভক্ত হয়। দলের সিংহভাগ অংশ বর্তমান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জমান মিল্লাতের পক্ষে অবস্থান নেয়। অপর ক্ষুদ্র অংশ বিএনপির চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রাজনৈতিক উপদেষ্টা সাবেক আইজিপি বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাইয়ুমের পক্ষে কাজ করতে থাকে।
আব্দুল্লাহ আল শাফি লিপন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রাজনৈতিক উপদেষ্টা সাবেক আইজিপি বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাইয়ুমের ভাই। ২০২৬ সালে বকশীগঞ্জ উপজেলা বিএনপি ও পৌর বিএনপির কমিটি গঠন হয়। কিন্তু আব্দুল্লাহ আল শাফি লিপনকে কোন পদ পদবী দেওয়া হয়নি।
বর্তমানে আব্দুল্লাহ আল শাফি লিপন অসুস্থ্য। তিনি চিকিৎসাধীন রয়েছেন। অসুস্থ্য অবস্থায় শুক্রবার( ১০ জুলাই) তার নিজ ফেসবুক আইডি থেকে যা পোস্ট দিয়েছেন তা হুবহুব তুলে ধরা হলো:
“কিছু কথা: আমি বকশীগঞ্জ উপজেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি, কে ইউ কলেজ ছাত্র সংসদের নির্বাচিত জিএস, যুবদলের সাধারণ সম্পাদক, পৌর বিএনপির সদস্য সচিব, জামালপুর জেলা বিএনপির সদস্য কাজ করেছি। ১৮ মামলার আসামী নির্যাতিত হওয়ার পরেও দলে কোন জায়গায় আমাকে রাখেনি। আমি সাবেক আইজিপি আব্দুল কাইযুম সাহেবের ভাই হওয়ার কারণে আমাকে মূল্যায়ন করা হচ্ছে না। আমার চেয়ে জামালপুর জেলায় কোন নেতা নির্যতিত হয় নাই। বেশি মামলাও নাই। আমি অনেক অসুস্থ্য আমার কিছু হলে বিএনপির কোন নেতা আমার জানাজায় যেন না থাকেন। সবাই আমার জন্য দোয়া করবেন।”
(১০ জুলাই) দুপুরে সোসাল মিডিয়ায় পোস্টটি দেন লিপন। তার পোস্টটি সোসাল মিডিয়ায় ভাইরাল হয়।
এ ব্যাপারে আব্দুল্লাহ আল শাফি লিপন বলেন, আমি আমার শেষ ইচ্ছার কথা জানিয়ে দিয়েছি। আশা করি আমার ওছিয়ত আমার পরিবার পালন করবেন।

