সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারন খালেদা জিয়ার স্মৃতিচারণ করেছেন ব্যান্ড মাইলসের ভোকালিস্ট হামিন আহমেদ। তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি বিশেষ ঘটনা শেয়ার করেছেন যা ১৯৯৩–৯৪ সালে খালেদা জিয়ার শহীদ মঈনুল রোডের বাসভবনে সংগীত পরিবেশনের সময় ঘটে।
হামিন লিখেছেন, “আমরা মাইলসের সদস্য হিসেবে প্রথমবার প্রধানমন্ত্রীর সঙ্গে সামনাসামনি দেখা করি। তারক ও বন্ধুরাও উপস্থিত ছিলেন। খালেদা জিয়া ছিলেন মার্জিত, আন্তরিক ও বিনয়ী। আমাদের সঙ্গে এমন সৌজন্যতা দেখিয়েছিলেন, যা সত্যিই অভিভূত করেছিল।”
সবচেয়ে অবাক করা মুহূর্ত ঘটে দুপুরের খাবারের সময়। হামিন বলেন, “সাধারণত অতিথিদের আলাদা কোথাও নেওয়া হয়। কিন্তু বেগম খালেদা জিয়া বললেন, ‘ওরা এই বাড়িতেই খাবে। আমরা যা খাই, ওরাও তাই খাবে।’ এরপর তিনি নিজে আমাদের প্লেটে খাবার পরিবেশন শুরু করেন। সেই মুহূর্তে তার প্রতি আমার ভেতরে গভীর শ্রদ্ধাবোধ জন্ম নিয়েছিল।”
হামিন আরও জানিয়েছেন, ২০১৪ সালে তার মা ফিরোজা বেগমের মৃত্যুর সময়ও খালেদা জিয়া অসুস্থতা সত্ত্বেও কালিন্দীর বাসায় এসে সান্ত্বনা দিয়েছেন। তিনি লিখেছেন, “তিনি আমাদের পরিবারের সঙ্গে এমনভাবে বসেছিলেন, যেন তিনি আমাদেরই একজন। সর্বোচ্চ সম্মান ও ভালোবাসা নিয়ে খালেদা জিয়া আমার স্মৃতিতে চিরকাল বেঁচে থাকবেন।”
দীর্ঘ অসুস্থতার পর খালেদা জিয়া ৩০ ডিসেম্বর প্রয়াত হন। তার মৃত্যুর পর সামাজিক যোগাযোগমাধ্যম থেকে শুরু করে জনসাধারণ শোক প্রকাশ করেছেন। তিনি বিএনপির নেতৃত্ব দিয়েছেন ৪১ বছর, ছিলেন পাঁচবারের সংসদ সদস্য এবং তিনবারের প্রধানমন্ত্রী।

