প্রধান উপদেষ্টা দফতের প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, মোবাইল ফোন আমদানিতে ট্যাক্স কমানো হয়েছে। বৃহস্পতিবার বিকালে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমির মিলনায়তনে এক ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।
প্রেস সচিব বলেন, “মোবাইল ফোন আমদানিতে আগে কাস্টমস ডিউটি ছিল ২৫ শতাংশ। এখন তা ১০ শতাংশ করা হয়েছে। দেশে উৎপাদিত ফোনের ট্যাক্স ১০ শতাংশ থেকে ৫ শতাংশ করা হয়েছে।
তিনি আশা প্রকাশ করেন, সরকারের এই পদক্ষেপে বাংলাদেশে মোবাইল ফোন ইন্ডাস্ট্রি আরও বিস্তৃত হবে। শফিকুল আলম বলেন, “বাংলাদেশে প্রচুর বিদেশ থেকে ব্যবহৃত মোবাইল ফোন আসে। এগুলো আনার পর কিছুটা সংস্কার করে বিক্রি করা হয়। এতে সাধারণ ক্রেতারা ক্ষতিগ্রস্ত হন এবং সরকারও অনেক ট্যাক্স থেকে বঞ্চিত হয়। আশা করা হচ্ছে, বাংলাদেশে উৎপাদিত মোবাইল ফোনের চাহিদা বাড়বে এবং দামও কমবে।
নতুন বছরে শিক্ষার্থীদের পাঠ্যপুস্তক বিতরণ প্রসঙ্গে তিনি জানান, “১৫ জানুয়ারির মধ্যে সবগুলো বই শিক্ষার্থীদের হাতে পৌঁছে দেওয়া সম্ভব হবে। শিক্ষকদের সঙ্গে পরামর্শ করে ১২৩টি বইয়ের ভুল সংশোধন করা হয়েছে।
প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার বলেন, “মোট পাঠ্যপুস্তকের ৮৩ শতাংশ ইতিমধ্যেই শিক্ষার্থীদের দেওয়া হয়েছে। সময়মতো বাকি বই বিতরণ নিশ্চিত করতে সরকার কাজ করছে।

