বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নামাজে জানাজায় অংশ নিতে মানিক মিয়া অ্যাভিনিউয়ে পৌঁছেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মরদেহ জাতীয় পতাকায় মোড়ানো একটি গাড়িতে সংসদ ভবনের দক্ষিণ প্লাজা দিয়ে সকাল থেকে দুপুরে মানিক মিয়া অ্যাভিনিউয়ে আনা হয়। জানাজা নামাজ আজ দুপুর ২টায় অনুষ্ঠিত হবে, ইমামতি করবেন জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মুফতি আব্দুল মালেক।
মরদেহ বহনকারী গাড়ি সকাল ১১টার দিকে গুলশানের তারেক রহমানের বাসা থেকে যাত্রা শুরু করে। এর আগে সকাল ৯টা ১৭ মিনিটে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর নিরাপত্তার মধ্যে গাড়িটি বাসায় পৌঁছায়।
জানাজার পর সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে তার স্বামী, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে দাফন করা হবে। ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর, পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারসহ দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার কয়েকটি দেশের কূটনীতিকও জানাজায় অংশ নিচ্ছেন।
সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া মঙ্গলবার ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুর পর আজ বুধবার থেকে শুক্রবার (৩১ ডিসেম্বর থেকে ২ জানুয়ারি) পর্যন্ত তিন দিনের রাষ্ট্রীয় শোক পালন করা হবে এবং সারাদেশে একদিনের সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।
ক্যাপশন:
মানিক মিয়া অ্যাভিনিউয়ে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, খালেদা জিয়ার জানাজার প্রস্তুতি সম্পন্ন।

