দক্ষিণী চলচ্চিত্রের সুপারস্টার থালাপতি বিজয় চেন্নাই বিমানবন্দরে ভক্তদের উন্মাদনায় অস্বস্তিকর পরিস্থিতির মধ্যে পড়েছেন। রোববার (২৮ ডিসেম্বর) মালয়েশিয়া থেকে দেশে ফেরার সময় এই ঘটনা ঘটে। বিজয় ছিলেন তার আসন্ন ছবি ‘জননায়কন’-এর অডিও লঞ্চ অনুষ্ঠানে অংশগ্রহণ শেষে দেশে ফিরছিলেন।
বিমানবন্দরে হাজির হাজারো ভক্ত তারকাকে এক ঝলকে দেখার জন্য ভিড়ে ঢুকে পড়েন। টার্মিনাল থেকে গাড়ির দিকে এগোতে গিয়ে ভিড় নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, ভিড়ের চাপে বিজয়ের হাঁটাচলায়া প্রায় থমকে যায় এবং কিছু মুহূর্তের জন্য ভারসাম্য হারানোরও ঝুঁকি দেখা দেয়। দেহরক্ষীদের দ্রুত তৎপরতায় শেষ পর্যন্ত তিনি নিরাপদে গাড়িতে উঠতে সক্ষম হন।
চলচ্চিত্র মহলে মনে করা হচ্ছে, এই ঘটনা নতুন নয়। সম্প্রতি নিধি আগারওয়াল, হর্ষবর্ধন রানে ও সামান্থা রুথ প্রভু-র সঙ্গে এমন পরিস্থিতি প্রায়ই ঘটেছে। ভক্তদের অতিরিক্ত উন্মাদনা এবং উগ্র আচরণ তারকাদের নিরাপত্তা নিয়ে নতুন উদ্বেগ তৈরি করছে।

