সোশ্যাল মিডিয়ায় প্রায়ই দেখা যেতো প্রয়াত মঞ্চ ও টেলিভিশন অভিনেতা আব্দুল কাদেরের নাতনি সিমরিন লুবাবার ভিডিও, যেখানে বয়সের তুলনায় পরিপক্ক নানা মন্তব্য করতে দেখা যেতো তাকে। নেটিজেনরা তাকে ‘পাকনা লুবাবা’ নামে ডাকতেন।
কিন্তু অনেকদিন ধরেই লুবাবা শোবিজ থেকে দূরে রয়েছেন। জানা গেছে, তিনি মিডিয়া জীবনের সব কাজ বন্ধ করে দিয়েছেন এবং প্রকাশ্যে আর মুখ দেখাবেন না। ইতিমধ্যে নেকাব পরতে শুরু করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে কিছু প্রচারণার কাজ থাকলেও সেটাও তিনি নেকাবের মাধ্যমে করবেন বলে জানিয়েছেন তার মা, জাহিদা ইসলাম জেমি।
শনিবার (২৭ ডিসেম্বর) দুপুরে জেমি গণমাধ্যমকে বলেন, “লুবাবা নিজেই উপলব্ধি করেছে, আর মিডিয়ায় কাজ করা তার জন্য সম্ভব নয়। মুখ প্রকাশ করবে না, তাই নেকাব পরেছে। ধর্মীয় গ্রন্থ পড়ে নিজে নিজে সিদ্ধান্ত নিয়েছে জীবনের পথ পরিবর্তনের। এজন্য এই সিদ্ধান্ত নিয়েছে।”
জেমি আরও বলেন, “লুবাবা ইতিমধ্যে কোরআন খতম করেছে। হাদিস এবং অন্যান্য ধর্মীয় গ্রন্থ পড়ে তার মধ্যে এই পরিবর্তন এসেছে। আগামী রমজানে সে ওমরাহ পালন করতে মক্কায় যাওয়ার পরিকল্পনা করছে।”
এভাবে শোবিজের কাজ থেকে সরে এসে সম্পূর্ণ ধর্মীয় জীবনধারার দিকে মনোনিবেশ করেছেন সিমরিন লুবাবা।

