ফরিদপুর জিলা স্কুলের ১৮৫তম বর্ষপূর্তি অনুষ্ঠানের সমাপনী দিনে প্রখ্যাত সংগীতশিল্পী জেমসের সংগীতানুষ্ঠান উচ্ছৃঙ্খল জনতার হামলার কারণে পণ্ড হয়ে গেছে। এ ঘটনায় অন্তত ২৫ জন আহত হয়েছেন।
শুক্রবার (২৬ ডিসেম্বর) রাত সাড়ে ৯টার দিকে জিলা স্কুল চত্বরে জেমসের নগর বাউল ব্যান্ডের সংগীত পরিবেশনের কথা ছিল। তবে অনুষ্ঠান শুরুর আগ মুহূর্তে বহিরাগত দর্শকদের স্কুল ক্যাম্পাসে প্রবেশে বাধা দেওয়াকে কেন্দ্র করে উত্তেজনার সৃষ্টি হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, একপর্যায়ে একদল উচ্ছৃঙ্খল ব্যক্তি ইট-পাটকেল নিক্ষেপ করে মঞ্চ দখলের চেষ্টা চালায়। জিলা স্কুলের শিক্ষার্থীরা প্রতিরোধ করলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে।
পরিস্থিতির অবনতি হলে রাত ১০টার দিকে আয়োজক কমিটির আহ্বায়ক ডা. মুস্তাফিজুর রহমান শামীম মঞ্চ থেকে ঘোষণা দেন, জেলা প্রশাসকের নির্দেশে নিরাপত্তাজনিত কারণে জেমসের সংগীতানুষ্ঠান বাতিল করা হয়েছে।
অনুষ্ঠানের শৃঙ্খলা কমিটির সদস্য বেনজীর আহমেদ তাবরিজ জানান, জেমসের গান শোনার জন্য আসা বহিরাগত দর্শকদের প্রবেশে নিষেধাজ্ঞা থাকায় তারা বাইরে থেকে ইট নিক্ষেপ করে। এতে আয়োজক কমিটির আহ্বায়কসহ ২৫ থেকে ৩০ জন আহত হন। আহতদের মধ্যে কয়েকজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং কয়েকজনের অস্ত্রোপচার করতে হয়েছে।
ফরিদপুর কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহিদুল ইসলাম বলেন, বহিরাগতদের প্রবেশে বাধা দেওয়াকে কেন্দ্র করে হালকা বিশৃঙ্খলার সৃষ্টি হয়। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করেছে। সার্বিক নিরাপত্তা বিবেচনায় অনুষ্ঠানটি শেষ পর্যন্ত বাতিল করা হয়।
![{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}](https://bangla.fm/wp-content/uploads/2025/12/image-398979-1766772400-750x536.jpg)
