রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে (জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা) জুলাই বিপ্লবের লড়াকু সৈনিক শহীদ শরিফ ওসমান হাদির নামাজে জানাজা শুরু হয়েছে। এই জানাজায় অংশ নিয়েছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
প্রধান উপদেষ্টা ছাড়াও জানাজায় সরকারের বেশ কয়েকজন উপদেষ্টা, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ এবং বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারা উপস্থিত রয়েছেন।
সকাল থেকেই মানিক মিয়া অ্যাভিনিউ এলাকা জনসমুদ্রে পরিণত হয়েছে। হাদির সহযোদ্ধা ও সাধারণ মানুষ কান্নায় ভেঙে পড়েছেন। প্রধান উপদেষ্টার উপস্থিতির কারণে জানাজাস্থল ও এর আশপাশে এসএসএফ (SSF), পুলিশ, র্যাব ও সেনাবাহিনীর সদস্যরা কঠোর নিরাপত্তা বলয় গড়ে তুলেছেন। ড্রোন ওড়ানোর ওপর নিষেধাজ্ঞা কার্যকর রয়েছে।
জানাজা শেষে প্রধান উপদেষ্টা শহীদ হাদির কফিনে শ্রদ্ধা নিবেদন করবেন বলে আশা করা হচ্ছে। এরপর মরদেহ নিয়ে একটি শোক মিছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্দেশ্যে যাত্রা করবে। সেখানে জাতীয় কবির সমাধির পাশে রাষ্ট্রীয় মর্যাদায় তাঁকে সমাহিত করা হবে।

