ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও জুলাই বিপ্লবের লড়াকু সৈনিক শহীদ শরিফ ওসমান হাদির মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। শনিবার (২০ ডিসেম্বর) বেলা পৌনে ১১টার দিকে রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে এই প্রক্রিয়া সম্পন্ন হয়।
শনিবার সকাল পৌনে ১০টার দিকে জাতীয় হৃদ্রোগ ইনস্টিটিউটের হিমঘর থেকে কড়া নিরাপত্তায় হাদির মরদেহ সোহরাওয়ার্দী হাসপাতালে আনা হয়। ময়নাতদন্ত শেষে মরদেহ পুনরায় হিমঘরে নেওয়া হয়েছে। সেখানে শেষ গোসল শেষে মরদেহ জানাজার উদ্দেশ্যে নিয়ে যাওয়া হবে।
জানাজা: আজ শনিবার দুপুর ২টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় (মানিক মিয়া অ্যাভিনিউ) তাঁর জানাজা অনুষ্ঠিত হবে।
দাফন: পরিবারের দীর্ঘদিনের দাবি ও ইনকিলাব মঞ্চের সিদ্ধান্ত অনুযায়ী, তাঁকে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধির পাশে রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত করা হবে।
হাদির জানাজাকে কেন্দ্র করে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। জানাজাস্থল ও সংলগ্ন এলাকায় পর্যাপ্ত সংখ্যক পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। বিশেষ নজরদারির জন্য মাঠে রাখা হয়েছে প্রায় এক হাজার বডি ওর্ন ক্যামেরা।
সহযোদ্ধা ও সমর্থকদের অংশগ্রহণে একটি শোক মিছিল হৃদ্রোগ ইনস্টিটিউট থেকে মানিক মিয়া অ্যাভিনিউ পর্যন্ত যাবে।
উল্লেখ্য যে, গত ১২ ডিসেম্বর বিজয়নগরে নির্বাচনী প্রচারণার সময় মাথায় গুলিবিদ্ধ হন হাদি। ঢাকা মেডিকেল ও এভারকেয়ার হাসপাতালে চিকিৎসার পর তাঁকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে ১৮ ডিসেম্বর রাতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। গতকাল শুক্রবার সন্ধ্যায় তাঁর মরদেহ দেশে এসে পৌঁছায়।

