সত্যজিৎ দাস (মৌলভীবাজার প্রতিনিধি):
মৌলভীবাজারের বড়লেখায় র্যাব-৯-এর অভিযানে ৯ হাজারের বেশি ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার (২৫ নভেম্বর) পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে র্যাব-৯ সিলেটের মিডিয়া অফিসার ও অতিরিক্ত পুলিশ সুপার কে. এম. শহিদুল ইসলাম সোহাগ বিষয়টি নিশ্চিত করেন।
র্যাব জানায়,সোমবার (২৪ নভেম্বর) রাত ১টা ২০ মিনিটের দিকে বড়লেখা উপজেলার দক্ষিণ শাহবাজপুরের সোয়ারারতল এলাকায় মাদক লেনদেন চলছে,এমন গোপন তথ্যের ভিত্তিতে র্যাব-৯, সিপিসি-২ এর একটি দল সেখানে তল্লাশি অভিযান পরিচালনা করে। রাত ১টা ৫০ মিনিটে র্যাব সদস্যরা ঘটনাস্থলে পৌঁছালে একজন ব্যক্তি পালানোর চেষ্টা করলে তাকে আটক করা হয়।
পরবর্তীতে জিজ্ঞাসাবাদে তিনি নিজ হেফাজতে ইয়াবা থাকার কথা স্বীকার করেন। তার দেখানো মতে একটি পলিথিন ব্যাগ থেকে ৪৬টি কালো রঙের বায়ুরোধক প্যাকেট উদ্ধার করা হয়, যেগুলোর মধ্যে মোট ৯,১৪৪ পিস ইয়াবা ছিল।
গ্রেফতার ব্যক্তির নাম:-
দেলোয়ার হোসেন (৩৫)
পিতা: খলিলুর রহমান
সাং: ভোবারতল,থানা: বড়লেখা,জেলা: মৌলভীবাজার।
র্যাব জানায়,দেলোয়ার সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে পাইকারি ও খুচরা বিক্রির উদ্দেশ্যে নিজের কাছে রেখেছিলেন।
উদ্ধার করা মাদকদ্রব্য ও গ্রেফতার দেলোয়ারকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন,২০১৮ অনুযায়ী মামলা দায়েরের জন্য বড়লেখা থানায় হস্তান্তর করা হয়েছে। র্যাব জানায়,মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে তাদের গোয়েন্দা কর্মকাণ্ড এবং নিয়মিত অভিযান চলমান থাকবে।

