আসন্ন জাতীয় নির্বাচন সুষ্ঠুভাবে আয়োজনের জন্য কমনওয়েলথের পূর্ণ সহযোগিতা কামনা করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
আজ সোমবার (২৪ নভেম্বর) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় কমনওয়েলথ মহাসচিব শার্লি আয়োরকর বচওয়ের সঙ্গে এক বৈঠকে তিনি এই সহযোগিতা কামনা করেন।
ড. মুহাম্মদ ইউনূস কমনওয়েলথ মহাসচিবের কাছে বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়া সফল করার জন্য সহায়তার প্রয়োজনীয়তা তুলে ধরেন। প্রধান উপদেষ্টা বলেন, “আমাদের গণতান্ত্রিক উত্তরণের পাশাপাশি আসন্ন জাতীয় নির্বাচন সফলভাবে আয়োজনের জন্য আপনাদের সহযোগিতা প্রয়োজন।”
জবাবে কমনওয়েলথ মহাসচিব শার্লি বচওয়ে আশ্বস্ত করে বলেন, “কমনওয়েলথ বাংলাদেশকে নির্বাচন এবং নির্বাচন-পরবর্তী উত্তরণ প্রক্রিয়ায় পূর্ণ সহায়তা প্রদান করবে।”
শার্লি বচওয়ে জানান, কমনওয়েলথের ৫৬টি সদস্য দেশ রয়েছে, যার মধ্যে জি-৭ এবং জি-২০-এর সদস্যরাও অন্তর্ভুক্ত। এর মাধ্যমে একে অপরের সঙ্গে সহায়তা করার অনেক সুযোগ রয়েছে।
তিনি বলেন, তিনি দেশের প্রধান বিচারপতি, আইন উপদেষ্টা, পররাষ্ট্র উপদেষ্টা এবং প্রধান নির্বাচন কমিশনারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্টেকহোল্ডারের সঙ্গে বৈঠক করেছেন। বৈঠক শেষে তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, “আমি বাংলাদেশের ভবিষ্যৎ সম্পর্কে খুবই আশাবাদী।”
কমনওয়েলথ মহাসচিব আরও জানান, কমনওয়েলথ ভোটের আগে বাংলাদেশে বেশ কয়েকটি পর্যবেক্ষক দল পাঠানোর প্রস্তুতি নিচ্ছে।

