রাজধানীর রায়েরবাজারে জুলাই গণ-অভ্যুত্থানে শহীদদের গণকবর শনাক্তে প্রথমবারের মতো আন্তর্জাতিক ফরেনসিক বিশেষজ্ঞরা কাজ শুরু করতে যাচ্ছেন। আগামী ৫ ডিসেম্বর বিশেষজ্ঞ দলটি দেশে পৌঁছাবে এবং ৭ ডিসেম্বর থেকে আনুষ্ঠানিক ফরেনসিক কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া।
রবিবার রায়েরবাজার বুদ্ধিজীবী কবরস্থানে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।
উপদেষ্টা জানান, রায়েরবাজার এলাকায় অস্থায়ী মর্গ ও ফরেনসিক ক্যাম্প স্থাপন করা হবে।
জাতীয় ও আন্তর্জাতিক ফরেনসিক বিশেষজ্ঞরা যৌথভাবে কাজ করবেন।
গণকবরে শায়িত শহীদদের পরিচয় নিশ্চিত করতে ডিএনএ বিশ্লেষণ, অ্যান্থ্রোপোলজিক্যাল পরীক্ষা ও অন্যান্য বৈজ্ঞানিক পদ্ধতি ব্যবহার করা হবে।
তিনি আরও বলেন, জুলাই গণ-অভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন, তাদের নিশ্চিত পরিচয় বের করে সরকারি তালিকায় অন্তর্ভুক্ত করার লক্ষ্য নিয়েই এ কার্যক্রম শুরু হচ্ছে।
উপদেষ্টা আশা ব্যক্ত করেন,আমরা প্রত্যেক শহীদের পরিচয় নিশ্চিত করতে সক্ষম হবো।”

