সত্যজিৎ দাস (মৌলভীবাজার প্রতিনিধি):
মৌলভীবাজারের শ্রীমঙ্গলের তৃতীয় লিঙ্গের মডেল ও সামাজিক কর্মী জারা ইসলামের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার ও জানমালের হুমকির অভিযোগে থানায় সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করা হয়েছে। শনিবার (১৫ নভেম্বর) দুপুরে তিনি শ্রীমঙ্গল থানায় এ জিডি করেন।
জিডিতে জারা ইসলাম উল্লেখ করেন,গত ১৪ নভেম্বর Surma Edition (সুরমা এডিশন) নামের একটি ফেসবুক পেজ থেকে তার ও তার সহযোগী কেয়া সিনহার ছবি ও ভিডিও বিকৃত করে,তাতে ভয়েস এড যুক্ত করে একটি ভিডিও প্রকাশ করা হয়। একই সঙ্গে বিভিন্ন নাম্বার থেকে তার হোয়াটসঅ্যাপে ধারাবাহিকভাবে হুমকিমূলক বার্তা পাঠানো হচ্ছে।
জারা ইসলাম বলেন,
“আমি শ্রীমঙ্গলে একটি বিউটি পার্লার পরিচালনা করি এবং দেশের নানা স্থানে মডেলিং করি। এজন্য দেশব্যাপী একটি পরিচিতি গড়ে উঠেছে। তৃতীয় লিঙ্গের একজন মানুষ হিসেবে নিজের প্রচেষ্টা ও সংগ্রামে আজকের অবস্থানে পৌঁছেছি। মডেলিংয়ে সফল হওয়ার পর একটি মহল ইচ্ছাকৃতভাবে আমার সম্মানহানি করতে উঠেপড়ে লেগেছে। এসব সাইবার অপরাধীর দৃষ্টান্তমূলক শাস্তি চাই।”
তিনি আরও জানান,
“সুরমা এডিশন নামের একটি ভুয়া পেজ থেকে আমাদের বিরুদ্ধে সম্পাদিত অপপ্রচার ছড়ানো হচ্ছে। তাই আইনের প্রতি শ্রদ্ধা রেখে আমি জিডি করেছি। আশা করছি শ্রীমঙ্গলবাসী সত্য যাচাই করে আমাদের পাশে দাঁড়াবেন।”
এ ঘটনায় শ্রীমঙ্গল থানার এএসআই নাহিদুর রহমান বলেন,
“একটি জিডি গ্রহণ করা হয়েছে। সংশ্লিষ্ট ফেসবুক আইডি শনাক্তের চেষ্টা চলছে। পাশাপাশি আইনের আওতায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
জারা ইসলাম বর্তমানে শ্রীমঙ্গল উপজেলা ছাত্র ইউনিয়নের সভাপতির দায়িত্ব পালন করছেন এবং দীর্ঘদিন ধরে সমাজের প্রান্তিক জনগোষ্ঠীর পক্ষে বিভিন্ন কর্মকাণ্ডে যুক্ত আছেন। তার দাবি, অপপ্রচারকারীরা পরিকল্পিতভাবে তাকে সমাজের সামনে হেয় করার চেষ্টা করছে।

