দেশে আবারও বেড়েছে স্বর্ণের দাম। ভরিতে ৫ হাজার ২৪৮ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের নতুন দাম নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। শুক্রবার (১৪ নভেম্বর) থেকে এই নতুন দাম কার্যকর হবে।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) রাতে বাজুস এক বিজ্ঞপ্তিতে জানায়, নতুন দামে ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণ বিক্রি হবে ২ লাখ ১৩ হাজার ৭১৯ টাকায়।
এ ছাড়া—
-
২১ ক্যারেটের প্রতি ভরি: ২ লাখ ৪ হাজার ৩ টাকা
-
১৮ ক্যারেটের প্রতি ভরি: ১ লাখ ৭৪ হাজার ৮৫৫ টাকা
-
সনাতন পদ্ধতির প্রতি ভরি: ১ লাখ ৪৫ হাজার ৫২০ টাকা
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, স্বর্ণের বিক্রয়মূল্যের সঙ্গে আবশ্যিকভাবে সরকার-নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট এবং বাজুস-নির্ধারিত ন্যূনতম ৬ শতাংশ মজুরি যোগ করতে হবে। গহনার ডিজাইন ও মানভেদে মজুরির তারতম্য হতে পারে।
এর আগে গত ১১ নভেম্বর বাজুস ভরিতে ৪ হাজার ১৮৮ টাকা বাড়িয়েছিল। তখন ২২ ক্যারেটের এক ভরির দাম নির্ধারণ করা হয় ২ লাখ ৮ হাজার ৪৭১ টাকা, যা কার্যকর হয়েছিল ১২ নভেম্বর থেকে।

