ডাকসু (ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ) থেকে আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আজীবন সদস্যপদ বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ডাকসু নির্বাচিত নেতারা এ বিষয়ে নীতিগতভাবে একমত হয়েছেন বলে নিশ্চিত করেছেন ডাকসুর সহসাধারণ সম্পাদক (এজিএস) মহিউদ্দিন খান।
২০১৯ সালের ডাকসু নির্বাচনে ছাত্রলীগের প্রার্থী তালিকা বিপুল ভোটে বিজয়ী হওয়ার পর ওই বছরের দ্বিতীয় সাধারণ সভায় শেখ হাসিনাকে আজীবন সদস্যপদ দেওয়া হয়। ডাকসুর বর্তমান কমিটির দ্বিতীয় সাধারণ সভায় সেই সদস্যপদ বাতিলের সিদ্ধান্ত আসছে।
এজিএস মহিউদ্দিন খান বলেন, “২০১৯ সালের ডাকসুর মতো ২০২৫ সালের ডাকসুর দ্বিতীয় সাধারণ সভায় সদস্যপদ বাতিল কার্যকর করা হবে। সব নির্বাচিত প্রতিনিধি এই সিদ্ধান্তে নীতিগতভাবে একমত হয়েছেন। এখন শুধু আনুষ্ঠানিকতা বাকি।”
তিনি জানান, নির্বাচনের আগে ডাকসু নেতৃত্ব শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে কাজ করার অঙ্গীকার করেছিল। সেই প্রতিশ্রুতি অনুযায়ী সেবা ও নীতিগত পরিবর্তনের লক্ষ্যে কাজ চলছে। তাৎক্ষণিক সেবা–সংক্রান্ত বেশ কিছু উদ্যোগ ইতোমধ্যে দৃশ্যমান হয়েছে এবং দীর্ঘমেয়াদি কাঠামোগত পরিবর্তনের প্রক্রিয়াও শুরু করা হয়েছে।

