জুলাই আন্দোলন চলাকালে গুলি চালানোর নির্দেশ দেওয়া একটি অডিও রেকর্ডিংয়ে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপসের কণ্ঠ মিলেছে বলে জানিয়েছেন সিআইডি ডিজিটাল ফরেনসিক ল্যাবের কর্মকর্তা ও পুলিশ পরিদর্শক রুকনুজ্জামান।
সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ রুকনুজ্জামান সাক্ষ্য দিয়ে বলেন, পরীক্ষা করার জন্য তাদের কাছে ওই অডিও জমা দেওয়া হয়েছিল। পরীক্ষায় নারীকণ্ঠ তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে এবং পুরুষকণ্ঠ মেয়র তাপসের সঙ্গে মিলেছে।
ট্রাইব্যুনালে বাজানো অডিওতে ‘হাসিনা ও তাপসের’ কথোপকথন শোনা যায়। এটি মার্চ থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে ফাঁস হওয়া অডিওর অংশ, যা ন্যাশনাল টেলিযোগাযোগ মনিটরিং সেন্টার (এনটিএমসি) রেকর্ড করেছিল।
রুকনুজ্জামান আরও জানান, ফোনালাপের এই রেকর্ডিং আন্দোলন দমন কার্যক্রমে তৎকালীন সরকারের প্রত্যক্ষ সম্পৃক্ততার প্রমাণ হিসেবে বিবেচিত হচ্ছে।

