মেহেরপুরের গাংনী উপজেলার কাজিপুর সীমান্ত দিয়ে ১৮ জন বাংলাদেশিকে হস্তান্তর করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে পতাকা বৈঠকের মাধ্যমে তাঁদের বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কাছে হস্তান্তর করা হয়।
কুষ্টিয়া বিজিবি-৪৭ ব্যাটালিয়নের অধীন কাজিপুর বিওপির কোম্পানি কমান্ডার সুবেদার শাহাব উদ্দিন জানান, রাত সাড়ে ১০টার দিকে বিএসএফ সদস্যরা ১৮ জনকে বিজিবির হাতে তুলে দেন। এরপর ফেরত আসা ব্যক্তিদের তথ্য যাচাই-বাছাই করে গাংনী থানায় সোপর্দ করা হবে।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাণী ইসরাইল বলেন, বিজিবি জানিয়েছে ১৮ জনকে আটক করা হয়েছিল। থানায় পাঠানোর পর প্রত্যেকের পরিচয় নিশ্চিত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

