জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচনের ফল ঘোষণা শুরু হয়েছে। শনিবার বিকেল ৫টা ১০ মিনিটে সিনেট ভবনে জাকসুর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মো. মনিরুজ্জামান ফল ঘোষণা শুরু করেন।
প্রায় ৩৩ বছর পর বিশ্ববিদ্যালয়ের ২১টি হলে অনুষ্ঠিত হয় জাকসু নির্বাচনের ভোটগ্রহণ। ভোটের আগের রাতে বিভিন্ন ছাত্রসংগঠন ভোট গণনার মেশিন সরবরাহকারী প্রতিষ্ঠানকে কেন্দ্র করে অভিযোগ তুললেও, নির্বাচন কমিশন হাতে ভোট গণনার সিদ্ধান্ত নেন। ভোটগ্রহণের দিন ছাত্রদল বিকেল সাড়ে তিনটায় এবং বামপন্থী আরও চারটি প্যানেল সন্ধ্যা সাতটায় ভোট বর্জনের ঘোষণা দেয়। এতে ৮টি প্যানেলের মধ্যে ৫টির ৬৮ জন প্রার্থী ভোট বর্জন করেন, বাকি তিন প্যানেলের ১১১ জন প্রার্থী নির্বাচনে অংশ নেন।
ভোট গণনা বৃহস্পতিবার রাত ১০টার পর শুরু হয়ে প্রায় ৪০ ঘণ্টা ধরে চলে। জাকসু নির্বাচনে মোট ভোটার ১১,৭৪৩ জন, যার মধ্যে ছাত্র ভোটার ৬,০১৫ এবং ছাত্রী ভোটার ৫,৭২৮ জন। মোট ৮,০০৩ ভোট পড়ে, যা মোট ভোটের প্রায় ৬৮ শতাংশ। জাকসুর ২৫টি পদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন ১৭৭ জন প্রার্থী। সহ-সভাপতি পদে ৯ জন, সাধারণ সম্পাদক পদে ৮ জন, যুগ্ম সাধারণ সম্পাদক (নারী) পদে ৬ জন এবং যুগ্ম সাধারণ সম্পাদক (পুরুষ) পদে ১০ জন প্রার্থী লড়ছেন। এছাড়া হল সংসদ নির্বাচনে ৪৪৫ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

