জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনে সাধারণ সম্পাদক (জিএস) পদে প্রতিদ্বন্দ্বিতা করা সৈয়দা অনন্যা ফারিয়া প্রার্থিতা প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন।
মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গণে এক সংবাদ সম্মেলনে তিনি এই সিদ্ধান্ত জানান।
অনন্যা ফারিয়া বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য। গত ২৮ আগস্ট ছাত্রদল পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করলে তিনি বিদ্রোহ করে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণের ঘোষণা দিয়েছিলেন। তবে শেষ পর্যন্ত বৃহত্তর ঐক্যের স্বার্থে প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়ানোর কথা জানালেন তিনি।
সংবাদ সম্মেলনে অনন্যা বলেন, “আমি ১৯৭১ ও ২০২৪–এর চেতনায়, নারী-পুরুষের সমতায় এবং জাহাঙ্গীরনগরের সম্প্রীতি ও সাংস্কৃতিক ধারার পক্ষে ঐক্যের ডাক দিচ্ছি। সেই ঐক্যের স্বার্থেই আমি আমার প্রার্থিতা প্রত্যাহার করছি। শিক্ষার্থীদের যে আস্থা ও ভালোবাসা পেয়েছি, তার মর্যাদা রক্ষায় আমি সবসময় কাজ করে যাব।”
প্রার্থিতা প্রত্যাহার কোনো চাপের কারণে কিনা—এমন প্রশ্নে তিনি স্পষ্ট করে বলেন, “আমি চাপের কাছে নতি স্বীকার করার মতো মানুষ নই। নৈতিকতার জায়গা থেকে আমি যা সঠিক মনে করেছি, সেটাই করেছি। কোনো রাজনৈতিক দলের নির্দেশে নয়, বরং বিশ্ববিদ্যালয়ের বৃহত্তর স্বার্থে এ সিদ্ধান্ত নিয়েছি।”
এর মধ্য দিয়ে ছাত্রদলের বিদ্রোহী প্রার্থী হিসেবে আলোচনায় আসা অনন্যা ফারিয়ার প্রার্থিতা শেষ পর্যন্ত স্থায়ী হলো না।

