রাজধানীতে কার্যক্রমে নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও আওয়ামী লীগের নেতাকর্মীরা আবারও মিছিলে নেমেছেন। শুক্রবার (৫ সেপ্টেম্বর) বেলা ২টার দিকে তেজগাঁওয়ের নাবিস্কো এলাকা থেকে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের ব্যানারে মিছিল শুরু হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, হাজারের বেশি নেতাকর্মী শেখ হাসিনা ও আওয়ামী লীগের পক্ষে বিভিন্ন স্লোগান দিয়ে নাবিস্কো থেকে তিব্বত মোড় পর্যন্ত অগ্রসর হন।
তেজগাঁও শিল্পাঞ্চল থানার ওসি মো. আসলাম হোসেন বলেন, সকালে জিএমআই মোড় থেকে কিছু লোকজন বের হলে পুলিশ তা প্রতিহত করে এবং ছাত্রলীগের এক নেতাকে আটক করে। পরে দুপুরে আবারও নাবিস্কো থেকে মিছিল বের হয়, তাদের ধরার চেষ্টা চলছে।
মিছিলে থাকা আওয়ামী লীগের এক নেতা অভিযোগ করেন, অন্তর্বর্তী সরকারের সময় দলীয় নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হচ্ছে। তিনি বলেন, “ঘরে বসে থাকলেও বাঁচা যাচ্ছে না, তাই মিছিলে অংশ নিতে হয়েছে।”
এছাড়া একইদিন ধানমন্ডি এলাকাতেও কয়েকশত আওয়ামী লীগ নেতাকর্মী বিক্ষোভ মিছিল করেন বলে খবর পাওয়া গেছে। ধানমন্ডি থানার ওসি ক্যশৈন্যু মারমা জানান, এ বিষয়ে তথ্য যাচাই করা হচ্ছে।
উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট গণআন্দোলনে ক্ষমতা হারানোর পর আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা দেশ ছেড়ে ভারতে চলে যান। এরপর অন্তর্বর্তী সরকার গঠিত হলে আওয়ামী লীগের শীর্ষ নেতাদের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলা ও বিচার প্রক্রিয়া শুরু হয়। সেই সঙ্গে দলটির সব ধরনের রাজনৈতিক কার্যক্রমে নিষেধাজ্ঞা জারি রয়েছে। তবে মাঝেমধ্যে ঢাকাসহ বিভিন্ন স্থানে নেতাকর্মীদের ঝটিকা মিছিলের খবর পাওয়া যাচ্ছে।

