দেশে চলমান বিদ্যুৎ ও গ্যাস সংকটের কথা স্বীকার করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, অজুহাত দিয়ে দায়িত্ব এড়িয়ে যাওয়ার সুযোগ নেই। বিদ্যমান সমস্যাগুলো চিহ্নিত করে তা সমাধানে সরকার নিরলসভাবে কাজ করছে।
জুলাই আন্দোলনের দুই বছর পূর্তি উপলক্ষে রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) মিলনায়তনে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, দীর্ঘদিনের অনিয়ম ও লুটপাটের কারণে দেশের জ্বালানি খাত ক্ষতিগ্রস্ত হয়েছে। এই খাত পুনর্গঠনে সময় প্রয়োজন হলেও সাধারণ মানুষের ভোগান্তি কমাতে সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে।
তিনি জানান, গ্যাস সংকট মোকাবিলায় মিয়ানমার থেকে গ্যাস আমদানির উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি মালয়েশিয়াও এ বিষয়ে সহযোগিতার আশ্বাস দিয়েছে।
তারেক রহমান বলেন, সরকার দায়িত্ব নেওয়ার পর ভঙ্গুর অর্থনীতি, দুর্বল স্বাস্থ্যব্যবস্থা এবং বিভাজিত প্রশাসনের মতো চ্যালেঞ্জ মোকাবিলা করতে হচ্ছে। তবে জনগণের সহযোগিতায় এসব সমস্যা কাটিয়ে ওঠার চেষ্টা চলছে।
জুলাই-আগস্টের আন্দোলন প্রসঙ্গে তিনি বলেন, এটি কোনো একক ব্যক্তি বা দলের আন্দোলন ছিল না, বরং সর্বস্তরের মানুষের অংশগ্রহণে গড়ে ওঠা একটি গণআন্দোলন।
তিনি বিএনপির ঘোষিত ৩১ দফাকে রাষ্ট্র পুনর্গঠনের সনদ হিসেবে উল্লেখ করে বলেন, জনগণ ওই কর্মসূচির প্রতি সমর্থন জানিয়েছে।

