ভারতের রাজধানী নয়াদিল্লিতে ৫ আগস্ট অনুষ্ঠিত হতে যাওয়া একটি মতবিনিময় সভায় শেখ হাসিনার ভার্চুয়াল বক্তব্য দেওয়ার আয়োজন নিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে ভারত সরকার। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এ অনুষ্ঠানের সঙ্গে সরকারের কোনো সম্পৃক্ততা নেই।
মঙ্গলবার (৪ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত ব্রিফিংয়ে মুখপাত্র রণধীর জয়সোয়াল বলেন, অনুষ্ঠানটি একটি বেসরকারি মিডিয়া প্রতিষ্ঠানের উদ্যোগে আয়োজন করা হচ্ছে। এতে ভারত সরকারের কোনো ভূমিকা নেই। পাশাপাশি অনুষ্ঠানে দেওয়া কোনো বক্তব্যের দায় বা সমর্থনও সরকার বহন করবে না বলে তিনি জানান।
এদিকে, শেখ হাসিনার বক্তব্য প্রচার নিয়ে বাংলাদেশে আদালতের নির্দেশনা কার্যকর রয়েছে। প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান গণমাধ্যমগুলোকে আদালতের নির্দেশ মেনে চলার আহ্বান জানিয়ে বলেন, আদালতের আদেশ অনুযায়ী শেখ হাসিনার বক্তব্য কোনো গণমাধ্যমে প্রচার করা যাবে না। নির্দেশনা অমান্য করে আগাম বা পরে বক্তব্য প্রকাশ করলে তা আদালতের আদেশ লঙ্ঘন হিসেবে বিবেচিত হতে পারে।

