ব্রাজিল জাতীয় দল থেকে বিদায় নিলেও ক্লাব ফুটবলে এখনও মাঠ মাতাচ্ছেন নেইমার। সান্তোসের সঙ্গে চলতি বছরের ডিসেম্বর পর্যন্ত চুক্তি রয়েছে তার। এরপর কী করবেন, তা নিয়ে চলছে নানা জল্পনা।
নিজের দাতব্য সংস্থা ইনস্টিটিউট নেইমার জুনিয়র-এর বার্ষিক নিলাম অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন এই ব্রাজিলিয়ান তারকা। সেখানেই জানান, এখনই অবসরের সিদ্ধান্ত নেননি তিনি।
নেইমারের ভাষ্য, ডিসেম্বর পর্যন্ত সান্তোসের সঙ্গে চুক্তি পূর্ণ সম্মানের সঙ্গে শেষ করবেন। এরপর ক্লাবে থাকবেন, অন্য দলে যোগ দেবেন নাকি বুটজোড়া তুলে রাখবেন—সে সিদ্ধান্ত নেবেন তখনই। পাশাপাশি তিনি জানিয়েছেন, বর্তমানে নিজের ফিটনেস নিয়েও বেশ আত্মবিশ্বাসী।
ফুটবল মাঠের সাফল্যের পাশাপাশি নিজের সমাজসেবামূলক প্রতিষ্ঠানকে জীবনের সবচেয়ে বড় অর্জন মনে করেন এই ব্রাজিলিয়ান তারকা। প্রতিষ্ঠানটির প্রশংসা করে তিনি আবেগঘন কণ্ঠে বলেন, ‘আমি যা ভালোবাসি, তা অন্তর থেকে করি। আর এই ইনস্টিটিউট গড়ে তোলাটাই আমার ক্যারিয়ারের সবচেয়ে বড় গোল।’

