মোঃ রেজাউল হক শাকিল, ব্রাহ্মণপাড়া:
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালিত হয়েছে। গতকাল শনিবার (১ আগস্ট) দুপুরে স্বাস্থ্য কমপ্লেক্স চত্বর থেকে র্যালিটি শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় একই স্থানে গিয়ে শেষ হয়। র্যালি শেষে স্বাস্থ্য কমপ্লেক্সের মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
‘জীবনের সূচনায় মাতৃদুগ্ধ পান: টেকসই উদ্যোগ করি বেগবান’—এই প্রতিপাদ্য নিয়ে আয়োজিত র্যালি ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শেখ মো. হাসিবুর রেজা। বিশেষ অতিথি হিসেবে ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. মনিরুল ইসলাম, মেডিকেল অফিসার ডা. সোহেল রানা ও ডা. আবুল হোসেন রকিব।
আলোচনা সভায় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন ব্রাহ্মণপাড়া উপজেলা প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট আব্দুল আলিম খান ও সাধারণ সম্পাদক ইসমাইল নয়ন। এছাড়াও স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন দপ্তরের চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারীরা অনুষ্ঠানে অংশ নেন।
সভায় বক্তারা নবজাতকের জন্মের এক ঘণ্টার মধ্যে শালদুধ খাওয়ানো এবং প্রথম ছয় মাস শিশুকে শুধুমাত্র মায়ের দুধ খাওয়ানোর গুরুত্ব তুলে ধরেন। মায়ের দুধ শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং বুদ্ধি বিকাশে সহায়তা করে বলে বক্তারা জানান। এই বিষয়ে জনসচেতনতা বাড়ানোর ওপর জোর দেন তারা।

