আগামী সপ্তাহের শেষ দিকে যুক্তরাষ্ট্রের ২৫টি শীর্ষ প্রতিষ্ঠানের ৪৫ জন ব্যবসায়ী বাংলাদেশ সফরে আসছেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. মাহদী আমিন।
শনিবার (১ আগস্ট) রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গোরের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক শেষে ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।
ড. মাহদী আমিন বলেন, বাংলাদেশে গণতান্ত্রিক অগ্রযাত্রা, রাজনৈতিক স্থিতিশীলতা এবং অর্থনৈতিক সংস্কারে সরকারের উদ্যোগের প্রশংসা করেছে যুক্তরাষ্ট্র। একই সঙ্গে দ্বিপক্ষীয় বাণিজ্য, বিনিয়োগ এবং জ্বালানি খাতে সহযোগিতা আরও জোরদারের বিষয়ে দুই পক্ষের মধ্যে আলোচনা হয়েছে।
তিনি জানান, বিদ্যুৎ ও গ্যাস খাতের সংকট মোকাবিলায় সরকারের নেওয়া পদক্ষেপ নিয়েও মার্কিন প্রতিনিধিদলের সঙ্গে আলোচনা হয়েছে। পাশাপাশি বিনিয়োগবান্ধব পরিবেশ সৃষ্টি, শিল্পায়ন ত্বরান্বিত করা এবং ব্যবসা পরিচালনার প্রতিবন্ধকতা কমাতে চলমান সংস্কার কার্যক্রম অব্যাহত থাকবে।
ব্রিফিংয়ে আরও জানানো হয়, আমদানি-রপ্তানি কার্যক্রম আরও গতিশীল করতে দেশের সমুদ্র ও স্থলবন্দরে ২৪ ঘণ্টা সেবা চালুর পরিকল্পনা রয়েছে। প্রয়োজনীয় প্রস্তুতি শেষে শিগগিরই এ ব্যবস্থা চালু করা হবে। এর ফলে পণ্য পরিবহনের সময় ও ব্যয় কমবে এবং আন্তর্জাতিক বাণিজ্যে বাংলাদেশের প্রতিযোগিতামূলক সক্ষমতা বাড়বে বলে আশা করা হচ্ছে।
এদিকে, একই দিনে দেশের শীর্ষ ব্যবসায়ীদের সঙ্গেও প্রধানমন্ত্রীর বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সেখানে বিনিয়োগ, শিল্প উৎপাদন, জ্বালানি সরবরাহ, রপ্তানি বৃদ্ধি এবং ব্যবসায়ীদের বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা হয়। সরকার ও বেসরকারি খাতের সমন্বিত উদ্যোগে দেশের অর্থনীতিকে আরও গতিশীল করার আশাবাদ ব্যক্ত করেন সংশ্লিষ্টরা।

