র্যাব-১ কার্যালয়ের গোপন বন্দিশালা ‘টিএফআই সেল’-এ বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদকে আটকে রাখা হয়েছিল এবং পরবর্তীতে তাকে ভারতে নিয়ে যাওয়া হয়েছিল বলে প্রাথমিক তদন্তে তথ্য পাওয়া গেছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ আমিনুল ইসলাম এ কথা জানিয়েছেন।
শনিবার (১ আগস্ট) সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারকদের নিয়ে র্যাব-১-এর টিএফআই সেল সরেজমিনে পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব তথ্য জানান।
চিফ প্রসিকিউটর বলেন, ভুক্তভোগীদের বর্ণনা ও তদন্তে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে সালাহউদ্দিন আহমেদকে যে কক্ষে আটকে রাখা হয়েছিল, তা ইতোমধ্যে শনাক্ত করা হয়েছে।
তিনি আরও জানান, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কার্যবিধির ৪৬এ রুল, রোম সংবিধির বিধান এবং দেশের প্রচলিত আইন অনুযায়ী বিচারকদের জন্য এই স্থান পরিদর্শনের আইনি সুযোগ রয়েছে। প্রসিকিউশনের আবেদনের প্রেক্ষিতে ট্রাইব্যুনাল এই বিচারিক পরিদর্শনের অনুমতি দেন।
আমিনুল ইসলাম বলেন, “এতদিন ‘আয়নাঘর’ বা গোপন বন্দিশালা নিয়ে নানা আলোচনা হলেও, বিচারকরা যাতে কেবল নথি বা সাক্ষ্যের ওপর নির্ভর না করে বাস্তব চিত্র দেখতে পারেন, সেই উদ্দেশ্যেই এই পরিদর্শনের আয়োজন।” তিনি জানান, পরিদর্শনের সার্বিক পর্যবেক্ষণ একটি মেমোরেন্ডামে সংরক্ষণ করা হবে, যা পরবর্তী সময়ে মামলার বিচারে দাপ্তরিক নথি হিসেবে ব্যবহৃত হবে।

