বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, ২০২৪ সালের ১ আগস্ট জামায়াতকে নিষিদ্ধ করার সিদ্ধান্ত কার্যকর হওয়ার মাত্র তিন দিনের মাথায় তৎকালীন সরকার গণআন্দোলনের মুখে ক্ষমতা হারায়।
শুক্রবার (৩১ জুলাই) রাজধানীর জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ পরিবহন শ্রমিক ফেডারেশনের ত্রি-বার্ষিক জাতীয় সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
ডা. শফিকুর রহমান বলেন, ২০২৪ সালের ৩১ জুলাই জামায়াতে ইসলামকে নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয় এবং ১ আগস্ট তা কার্যকর করা হয়। তার ভাষায়, সিদ্ধান্তটি ছিল অন্যায্য এবং দলটি তাৎক্ষণিকভাবে সংবাদ সম্মেলনের মাধ্যমে তা প্রত্যাখ্যান করেছিল।
তিনি দাবি করেন, নিষেধাজ্ঞার পর দলীয় নেতাকর্মী ও সমর্থকদের চলমান গণআন্দোলনের সঙ্গে একাত্ম হওয়ার আহ্বান জানানো হয়েছিল। জনগণ সেই আহ্বানে সাড়া দেওয়ায় অল্প সময়ের মধ্যেই তৎকালীন সরকার ক্ষমতা ধরে রাখতে পারেনি।
জামায়াতের আমির আরও বলেন, দমন-পীড়ন, নির্যাতন ও শক্তি প্রয়োগ করে কোনো আন্দোলন দীর্ঘদিন দমন করা সম্ভব নয়। জনগণের প্রতিরোধের মুখে তৎকালীন সরকারের সেই প্রচেষ্টা ব্যর্থ হয়েছিল বলেও তিনি দাবি করেন।
তিনি বলেন, জনগণের ওপর দীর্ঘদিন অন্যায়-অবিচার ও নিপীড়ন চালিয়ে কোনো সরকার স্থায়ী হতে পারে না এবং একসময় এর পরিণতি ভোগ করতেই হয়।
সম্মেলনে বাংলাদেশ পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, বিভিন্ন জেলার প্রতিনিধিরা, শ্রমিক নেতা এবং জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

